বিকেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন শুরুর অপেক্ষায় ব্রাজিল। বিশ্বকাপের পর নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়, যা বাংলাদেশ সময় বিকেল ৪টা। ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে সনি লিভ অনলাইন প্ল্যাটফর্মে।
বিশ্বকাপে শুরুটা দারুণ করেছিল ব্রাজিল। গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দাপট দেখায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর নকআউট পর্বে জাপানকে ২-১ গোলে হারিয়ে জায়গা করে নেয় শেষ ষোলোতে। তবে সেখানেই থেমে যায় তাদের যাত্রা। নরওয়ের কাছে ২-১ গোলে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।
বিশ্বকাপের সেই ব্যর্থতার পর দল পুনর্গঠনে বড় পরিবর্তনের পথে হাঁটছেন আনচেলত্তি। বিশ্বকাপের স্কোয়াড থেকে মাত্র নয়জনকে রেখে নতুন ব্রাজিল গড়ার কাজ শুরু করেছেন ইতালিয়ান এই কোচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি তাই আনচেলত্তির জন্যও নতুন দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে গোলরক্ষক পজিশনে। অভিজ্ঞ আলিসন বেকারকে অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়নি। তার জায়গায় গোলবার সামলানোর দায়িত্ব পেতে পারেন করিন্থিয়ান্সের হুগো সুজা।
চোটের কারণে ব্রাজিলের পরিকল্পনাতেও এসেছে কিছু পরিবর্তন। ফরোয়ার্ড জোয়াও পেদ্রো ও ফুলব্যাক ওয়েসলি ফ্রাঙ্কা শেষ মুহূর্তে ছিটকে যাওয়ায় তাদের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মাতেউস মার্তিনেল্লি ও ভেন্ডারসন।
তারুণ্যনির্ভর দল নিয়ে পরীক্ষায় নামলেও ব্রাজিলের সম্ভাব্য একাদশে ইউরোপের শীর্ষ লিগে খেলা একাধিক তারকা রয়েছেন। মাঝমাঠে নেতৃত্ব দেবেন ব্রুনো গিমারায়েস। তার সঙ্গে থাকবেন আন্দ্রে সান্তোস। আর আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও এনদ্রিকের ত্রয়ী অস্ট্রেলিয়ার রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে থাকছেন হুগো সুজা। রক্ষণে মাতেউজিনিয়ো, মারকুইনহস, রেইস ও সান্তোস। মাঝমাঠে দানিলো, ব্রুনো গিমারায়েস ও এস্তেভাও। আক্রমণভাগে রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিক।
গোলডটকম জানিয়েছে, বাংলাদেশ থেকে ম্যাচটি দেখা যাবে সনি লিভ অনলাইন প্ল্যাটফর্মে। ভারত ও পাকিস্তানেও একই প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে।
বিশ্বকাপের হতাশার পর নতুন দল নিয়ে আনচেলত্তির ব্রাজিল কতটা বদলেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিরই প্রথম পরীক্ষা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।