২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮

আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

বাংলাদেশ ফুটবল   © সংগৃহীত

আজ মাঠে নামছে বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়া-হামজারা। চার বছর আগে এই প্রতিপক্ষের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার তাই পুরোনো সেই ব্যবধান ঘুচিয়ে নতুন কিছু করার লক্ষ্য লাল-সবুজের দলের সামনে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

চার বছর আগে কুয়ালালামপুরে মুখোমুখি হয়ে মালয়েশিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। ৪-১ গোলের সেই হারে শুধু স্কোরলাইনেই নয়, মাঠের পারফরম্যান্সেও দুই দলের ব্যবধান ছিল স্পষ্ট। এবার অবশ্য পরিস্থিতি ভিন্ন। প্রথমবারের মতো ফিফার মোড়কে আয়োজিত আসিয়ান কাপে আমন্ত্রিত দল হিসেবে খেলছে বাংলাদেশ। তাই পুরোনো হিসাব মেলানোর পাশাপাশি নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগও রয়েছে জামাল-হামজাদের সামনে।

ফিফা র‍্যাঙ্কিং অবশ্য এখনো মালয়েশিয়ার পক্ষেই কথা বলছে। দলটির অবস্থান ১৩৬, আর বাংলাদেশ রয়েছে ১৮১ নম্বরে। দুই দলের মধ্যে ব্যবধান ৪৫ ধাপ। এর সঙ্গে আছে মালয়েশিয়ার শক্তিশালী ২৩ সদস্যের দল, যেখানে ঘরোয়া ফুটবলের পরিচিত মুখের পাশাপাশি বংশোদ্ভূত ও ন্যাচারালাইজড খেলোয়াড়ও রয়েছেন।

মালয়েশিয়ার চাপ সামলে নিজেদের খেলাটা কতটা দাঁড় করাতে পারবে বাংলাদেশ, সেটিই এখন বড় প্রশ্ন। প্রতিপক্ষের মতো দলের বিপক্ষে ছোট ভুলও বড় মূল্য দিতে পারে। তবে ম্যাচ শুরুর আগেই ফলের চাপটা কিছুটা কমিয়ে দিয়েছেন ডুলি। তিনি বলেন, ‘যদি আমরা ভালো ফল করতে পারি, যেমন ১-০ গোলে হারা বা ড্র করতে পারা—সেটাই হবে আমাদের সাফল্য। জয় পাওয়াটা হবে চমৎকার ব্যাপার, তবে সবারই তো স্বপ্ন দেখার অধিকার আছে, তাই না?’

স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। কারণ মালয়েশিয়ার বিপক্ষে সেই স্বপ্ন পূরণের শেষ স্মৃতিটা ৪৪ বছর আগের। ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর জয়ের দেখা পায়নি লাল-সবুজের দল। জাকার্তায় তাই আজকের ম্যাচে শুধু আসিয়ান কাপে যাত্রা শুরুর অপেক্ষা নয়, পুরোনো ইতিহাস বদলেরও সুযোগ রয়েছে।