২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৮

মেসির বিদায়ী ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

লিওনেল মেসি  © সংগৃহীত

আর্জেন্টাইনদের পাশাপাশি বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকের চোখ এখন ৬ অক্টোবরের দিকে। সেদিন বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। কিংবদন্তি এই ফুটবলারের বিদায়ী ম্যাচ ঘিরে এরই মধ্যে নানা পরিকল্পনা সাজিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে এর মধ্যেই দুঃসংবাদ পেল দলটি, চোটের কারণে ছিটকে গেছেন দুই ফুটবলার থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ।

নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বিষয়টি নিশ্চিত করেছে এএফএ। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এএফএ লিখেছে, ‘চোটে পড়ায় আর্জেন্টিনার সামনের তিন প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ।’

এবারের ১৬ দিনের ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর মনুমেন্টাল স্টেডিয়ামে ২ ও ৬ অক্টোবর বুরকিনা ফাসো এবং বেনিনের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। মেসি শুধু ৬ অক্টোবরের ম্যাচটিতেই অংশ নেবেন। তবে আলমাদা ও ফয়েথ তিন ম্যাচের কোনোটিতেই মাঠে নামতে পারবেন না।

গত রোববার আর্জেন্টাইন প্রিমেরা লিগে হুরাকানের বিপক্ষে রিভার প্লেটের হয়ে মাত্র পাঁচ মিনিট খেলেই মাঠ ছাড়েন আলমাদা। পরবর্তী স্ক্যানে তার ঊরুর পেশিতে গ্রেড-১ টিয়ার ধরা পড়ে। এর সঙ্গে রয়েছে আরেকটি সমস্যা, গত ১৯ জুলাই নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনালে সংঘর্ষের ঘটনায় এক ম্যাচের নিষেধাজ্ঞাও পেয়েছেন তিনি।

অন্যদিকে, মাংসপেশির অস্বস্তির কারণে লা লিগায় ভিয়ারিয়ালের হয়ে সর্বশেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি ফয়েথ। ফলে তিনিও আর্জেন্টিনার এই ফিফা উইন্ডো থেকে ছিটকে গেছেন।

আলমাদা ও ফয়েথের পরিবর্তে চাইলে আরও দুই ফুটবলারকে দলে নিতে পারে আর্জেন্টিনা। তবে আপাতত সে প্রয়োজন দেখছেন না কোচ লিওনেল স্কালোনি। মূল দল ঘোষণার পরই আর্জেন্টাইন লিগ থেকে ছয়জন এবং বিদেশি লিগ থেকে আরও তিনজন ফুটবলারকে দলে যুক্ত করেছিলেন তিনি। ফলে স্কোয়াডের সদস্যসংখ্যা দাঁড়িয়েছিল ৩৭-এ।

স্থানীয় লিগ থেকে দলে যোগ দেওয়া ৬ ফুটবলার হলেন নিকোলাস ওতামেন্দি, সান্তিয়াগো বেলত্রান, তোবিয়াস আন্দ্রাদা, লিওনেল ফ্লোরেস, টমাস পালাসিওস ও থিয়াগো আলমাদা। আর বিদেশি লিগ থেকে যোগ দেন একুই ফের্নান্দেস, সান্তিয়াগো সিমন ও ভ্যালেন্তিন গোমেস। অতিরিক্ত খেলোয়াড় থাকায় আলমাদা ও ফয়েথের অনুপস্থিতি আপাতত স্কালোনির জন্য বড় কোনো সমস্যা তৈরি করছে না।

তবে নিকোলাস ওতামেন্দির বিষয়টি কিছুটা ভিন্ন। গত ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। অবসর নেওয়ার পরও মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে তাকে বিশেষভাবে দলে ডাকা হয়েছে। ফলে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির সঙ্গে দীর্ঘদিনের বন্ধু ওতামেন্দিও জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার সুযোগ পাচ্ছেন।

এর আগে, গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি সোনালি কলমের ছবি পোস্ট করে আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তার সেই ঘোষণায় আবেগাপ্লুত হয়ে পড়েছিল পুরো ফুটবলবিশ্ব।

আর্জেন্টিনার হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ১২৫ গোল, সঙ্গে রয়েছে ৬৮টি অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে তার অর্জনের তালিকায় রয়েছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপের শিরোপা।

অবসরের ঘোষণা দেওয়ার ৩৬ দিন পর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই তারকা।