২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৫

‘মেসি কাপ’ আয়োজনে যে বিশেষত্ব দেখছেন লিওনেল মেসি

লিওনেল মেসি  © সংগৃহীত

তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিতে ফের মাঠে গড়াচ্ছে মেসি কাপ। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে এবার ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল অংশ নেবে। গত আসরে ৮টি দল অংশ নিয়েছিল।

আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বিশ্বের বিভিন্ন নামী ক্লাবের একাডেমি থেকে আসা তরুণ ফুটবলাররা এই দুই আধুনিক ভেন্যুতে মুখোমুখি হবে।

তরুণদের আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে খেলার সুযোগ করে দিতে এবারের আসরে দলসংখ্যা দ্বিগুণ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের বিকাশে ভূমিকা রাখাই টুর্নামেন্টটির অন্যতম লক্ষ্য।

মায়ামির অধিনায়ক লিওনেল মেসিও মনে করেন, তরুণদের বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ। তার ভাষ্যমতে, ‘মেসি কাপ আয়োজনের মূল উদ্দেশ্য হলো—ছেলেরা যেন নিজেদের বিকাশের এই গুরুত্বপূর্ণ বয়সে মাঠ ও মাঠের বাইরে একটি অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মেজাজ কেমন হয়, তা এখন থেকেই বুঝতে শিখুক।’

প্রথম আসরের তুলনায় এবারের আয়োজনের পরিধি বাড়ায় সন্তুষ্ট মেসি। বিশ্বের বিভিন্ন শীর্ষ ক্লাবের তরুণ খেলোয়াড়দের একসঙ্গে এনে প্রতিদ্বন্দ্বিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।

মেসি বলেন, ‘টুর্নামেন্টটি যেভাবে বড় হচ্ছে, তা দেখে আমরা সত্যিই খুব আনন্দিত। বিশ্বের সেরা সেরা ক্লাব থেকে আসা তরুণ খেলোয়াড়দের এখানে একত্রিত হতে দেখে ভালো লাগছে, যাতে তারা একে অপরের বিপক্ষে লড়তে পারে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারে এবং সবচেয়ে বড় কথা, ফুটবলকে উপভোগ করতে পারে।’

উল্লেখ্য, এবারের আসরে ইন্টার মায়ামি, আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি অংশ নেবে। টুর্নামেন্টের ম্যাচগুলো ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাস সরাসরি সম্প্রচার করবে। তবে অঞ্চলভেদে ম্যাচ দেখার সুযোগ সম্প্রচার-সুবিধার ওপর নির্ভর করবে।