২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬

পরপর দুই ম্যাচে রাফিনিয়ার হ্যাটট্রিক, উড়ছে বার্সেলোনা

রাফিনিয়ার গোল উদযাপন   © সংগৃহীত

চার দিনের ব্যবধানে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। রাফিনিয়ার এমন দুর্দান্ত পারফরম্যান্সে উড়ছে বার্সেলোনাও। সেভিয়ার মাঠে ৩-১ গোলের জয়ে তিন গোলই করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ জয়ে লা লিগায় টানা সপ্তম জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে শুরুটা অবশ্য বার্সার পক্ষে ছিল না। ১৯ মিনিটে ইউসুফ ফোফানার হেডে গোল খেয়ে পিছিয়ে পড়ে তারা। তবে তিন মিনিট পরই ম্যাচে ফেরেন রাফিনিয়া।

আন্দ্রেস ক্রিস্টেনসনের ডিফেন্সচেরা পাস ধরে এক পায়ের ইনসাইড ডজে সেভিয়ার এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে গোল করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান।

৫২ মিনিটে লামিনে ইয়ামালের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। ৬৯ মিনিটে ইয়ামালের ডিফেন্সচেরা পাস ধরে বাঁ পায়ের চিপে সেভিয়ার গোলকিপার ভ্লাকোদিমিসকে পরাস্ত করেন তিনি।

রাফিনিয়ার তিন গোলই এসেছে ভিন্ন কায়দায়—ডান পা, হেড ও বাঁ পায়ে। ফলে এটি ছিল তাঁর ‘পারফেক্ট’ হ্যাটট্রিক। বার্সেলোনার হয়ে ২০১৫ সালে লুইস সুয়ারেজের পর রাফিনিয়াই প্রথম এই কীর্তি গড়লেন।

চলতি মৌসুমে রাফিনিয়ার ফর্মও দুর্দান্ত। প্রথম আট ম্যাচে তাঁর গোল ১৪টি, সঙ্গে তিনটি অ্যাসিস্ট। লা লিগায় সাত ম্যাচে করেছেন ১২ গোল। চার ম্যাচে করেছেন অন্তত দুটি করে গোল।

লা লিগার ইতিহাসে প্রথম সাত ম্যাচে রাফিনিয়ার চেয়ে বেশি গোল করে শুরু করেছিলেন মাত্র দুজন। ১৯৪৩-৪৪ মৌসুমে ওভিয়েদোর এচেভেরিয়া করেছিলেন ১৪ গোল এবং ২০১৪-১৫ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো করেছিলেন ১৩ গোল।

এদিকে সেভিয়াকে হারিয়ে সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে তারা।

রাইট উইং থেকে লেফট উইং ঘুরে এখন স্ট্রাইকারের ভূমিকায় রাফিনিয়া। চলতি মৌসুমে তাঁর পারফরম্যান্স দেখে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো লুইস নাজারিও দা লিমার কথা মনে পড়তেই পারে। তাই গোলের পাশে রাফিনিয়ার নামের সঙ্গে ‘দা লিমা’ যেন বেশ মানিয়েই যাচ্ছে।