চমক রেখে আসিয়ান কাপের দল ঘোষণা বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চূড়ান্ত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডে খেলা ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ও মিডফিল্ডার জিদান আলেকজান্ডার ইউসুফ। এ ছাড়া জাপানে খেলা ফুটবলার শুকি ইতোফুসাও রয়েছেন বাংলাদেশের স্কোয়াডে।
বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি এই দল ঘোষণা করেছেন। ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তি নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। ইংল্যান্ডভিত্তিক এই ফরোয়ার্ড গোলের সামনে বাংলাদেশকে আরও ধারালো করে তুলতে পারবেন বলে আশাবাদী ডুলি।
ফারহানকে নিয়ে ডুলি বলেন, ‘এই ছেলেটির [ফারহান আলী ওয়াহিদ] ব্যাপারে আমার যেটা ভালো লাগে তা হলো, ও গোল করতে জানে। এটাই তো দরকার। তাই ও এলে আমি সত্যিই চাই ওকে গোলের সামনে দেখতে, সেই মুভগুলো করতে এবং বলটা লক্ষ্যে মারতে, যেটা আমাদের অনেক খেলোয়াড়ই করে না।’
বর্তমানে ফুলহাম অনূর্ধ্ব-২১ দল থেকে ধারে বোরহ্যাম উড এফসিতে খেলছেন ফারহান। টুর্নামেন্ট শুরুর আগে ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
তবে ফারহানের সম্ভাবনা নিয়ে আশাবাদী হলেও তার ওপর বাড়তি প্রত্যাশার চাপ দিতে চান না ডুলি। হামজা চৌধুরীর মতো করে ফারহানকে দেখছেন না বলেও জানিয়েছেন তিনি।
ডুলি বলেন, ‘আমরা ওর ওপর এমন কোনো চাপ দিইনি যে ওকেই সবকিছুর ত্রাতা হতে হবে। আমি ওকে একজন ভালো, প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দেখি। ওর দুর্দান্ত দক্ষতা আছে। এটা পেশাদার পর্যায়ে মাঠে নিয়ে আসতে হবে। যদি সেটা করতে পারে, তাহলে ও আমাদের জন্য বড় সম্পদ হবে।’
আগামী ২৫ সেপ্টেম্বর জাকার্তায় শুরু হবে ফিফা আসিয়ান কাপের আট দলের প্রিমিয়ার ডিভিশন। প্রথম দিন স্বাগতিক ইন্দোনেশিয়া মুখোমুখি হবে সিঙ্গাপুরের। একই দিনে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
চৌদ্দ দলের এই প্রথম আসরে ১১টি আসিয়ান দেশের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং। টুর্নামেন্টটি দুই ভাগে বিভক্ত। ছয় দলের চ্যালেঞ্জ ডিভিশন শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
গ্রুপ ‘এ’-তে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশকে। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।
এরপর ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে তারা। বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই হবে গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
গ্রুপ ‘বি’-তে রয়েছে আসিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট থাইল্যান্ড ও ভিয়েতনাম। এই গ্রুপের অন্য দুই দল ফিলিপাইন ও পাকিস্তান। গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ভিয়েতনাম ২৬ সেপ্টেম্বর বান্দুংয়ে ফিলিপাইনের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে।
শুরুতে টুর্নামেন্টে আমন্ত্রণ পেলেও পরে সরে দাঁড়ায় ভারত ও চীন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একই দিনে অর্থাৎ ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ থাকায় ভারত বিকল্প দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে ফিফা সেই প্রস্তাবে সায় দেয়নি। উল্লেখ্য, ৩ অক্টোবরই হবে আসিয়ান কাপের ফাইনাল।
বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
রক্ষণভাগ: জিদান আলেকজান্ডার ইউসুফ, টুটুল হোসেন বাদশা, শাকিল আহাদ টুটুল, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ
মধ্যমাঠ: এস এম মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত সোম
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা