১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০২

নেশন্স লিগের জন্য এক সঙ্গে জার্মানির দুই দল ঘোষণা

জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ  © সংগৃহীত ছবি

একই আন্তর্জাতিক উইন্ডোর চার ম্যাচের জন্য একসঙ্গে দুটি স্কোয়াড ঘোষণা করে চমক দেখিয়েছেন জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ। উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে ম্যাচগুলো সামনে রেখে ৪৪ সদস্যের দুটি দল ঘোষণা করেছেন তিনি। জার্মানির প্রথম দল খেলবে নেদারল্যান্ডস ও গ্রিসের বিপক্ষে। আর দ্বিতীয় দল খেলবে সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে।

৪৯ বছর বয়সী ক্লপ জানিয়েছেন, খেলোয়াড়দের সম্পর্কে আরও ভালোভাবে জানতেই এমন অভিনব পন্থা নিয়েছেন তিনি। দুটি দলের মধ্যে কোনো একটিকে ‘এ’ বা ‘বি’ দল হিসেবে দেখছেন না এই জার্মান কোচ।

ক্লপ বলেন, ‘যত বেশি সম্ভব খেলোয়াড়দের সম্পর্কে জানতে চাই আমি। এখানে কোনো এ বা বি দল নেই। স্কোয়াড দুটি এমনভাবে গড়া হয়েছে, যেন মাঠে তারা নিজেদের বৈশিষ্ট্য ও অভিজ্ঞতার আলোকে পারফর্ম করতে পারে।’

ক্লপের দুই দলে তরুণদেরই বেশি প্রাধান্য পেয়েছে। তাদের অনেকেরই ক্লাব ফুটবলে শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই। নতুনদের সুযোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

ক্লপ বলেন, ‘এমন কয়েকজন খেলোয়াড় নিয়েছি আমরা, যারা আপনাদের অবাক করে দেবে। তবে তাদের মধ্যে আমরা কিছু দেখতে পেয়েছি। অনেক মেধাবী ফুটবলার আমাদের দৃষ্টি কেড়েছে- অনেক বেশি, তাদের অনেকে দলে জায়গা পায়নি।’

ক্লপের ঘোষিত দুই স্কোয়াডে জায়গা হয়নি লেরয় সানে, ডেনিজ উন্দাভ, লেয়ন গোরেৎসকা ও গোলকিপার অলিভার বাউমানের। এদিকে অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যার ও আন্তোনিও রুডিগার আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।

জার্মানির গোলপোস্টে আপাতত প্রধান পছন্দ হিসেবে থাকছেন মার্ক-আন্দ্রে টার স্টেগেন। ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই গোলকিপারকে আপাতত নিজের প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন ক্লপ।

বিশ্বকাপে জার্মানির অন্যতম সেরা পারফর্মার ডেনিজ উন্দাভও এবার স্কোয়াডে নেই। জার্মান গণমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাকিলিস টেন্ডনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে ব্রাইটনের সাবেক এই ফরোয়ার্ডকে বিশ্রামে রাখা হচ্ছে।

দুই স্কোয়াডে নতুন মুখ রয়েছেন ১৬ জন। তাদের মধ্যে আছেন আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের ইউনেস ইবনু তালিব। মাত্র এক মৌসুম আগেও তিনি জার্মানির দ্বিতীয় বিভাগে খেলেছেন। এছাড়া সুযোগ পেয়েছেন স্টুটগার্টের ডিফেন্ডার ফিন ইয়ালচ, ব্রেন্টফোর্ডের মিডফিল্ডার ভিটালি ইয়ানেল্ট এবং সেল্টিকের মিডফিল্ডার মিকা বাউয়ার।

নেশন্স লিগের প্রথম ধাপে জার্মানি গ্রিসের বিপক্ষে দুটি এবং নেদারল্যান্ডস ও সার্বিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এই চার ম্যাচকে কাজে লাগিয়ে একসঙ্গে বেশি সংখ্যক খেলোয়াড়কে পরখ করতে চান ক্লপ।