১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি

নেইমার ও আনচেলত্তি   © টিডিসি ছবি

বিশ্বকাপের পর ব্রাজিলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষ—এবার সেই বিষয়টিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। সেলেসাওদের কোচ জানিয়েছেন, নেইমার নিজেই জাতীয় দলে আর ফিরতে চান না। ফলে আগামী দিনে ব্রাজিলের দল সাজানোর ক্ষেত্রে এই তারকাকে আর বিবেচনায় রাখছেন না তিনি।

সিএনএন এস্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘তার মানের কারণেই তার সেখানে (বিশ্বকাপে) থাকা উচিত ছিল। নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে আর ফিরতে চায় না। নেইমারের বিকল্প পাওয়া সম্ভব নয়, কারণ সে এক অসাধারণ ও অনন্য প্রতিভা।’

নেইমারের জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর এখন নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছেন আনচেলত্তি। ২০৩০ বিশ্বকাপের মধ্যে ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে একটি নতুন প্রজন্ম তৈরি করাই তাঁর লক্ষ্য।

নিজের পরিকল্পনা তুলে ধরে আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এখন আমাদের এমন তরুণ খেলোয়াড়দের দিকে মনোযোগ দিতে হবে যারা ভবিষ্যৎ হতে পারে, যেমন ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া খেলোয়াড়েরা।’

তিনি আরও বলেন, ‘আমাদের ২০০৮ সালে জন্ম নেওয়া কিছু মানসম্পন্ন তরুণ আছে যারা এখনো খেলছে না, তবে খেলতে পারবে। এখন তাদের বয়সকে গুরুত্ব দিয়ে এবং সম্মান জানিয়ে তাদের দিকে তাকানোর সময়। এটা সত্যি যে একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও খুব ভালো খেলতে পারে। তবে এখন তরুণদের অগ্রাধিকার দেওয়ার সময়।’

ব্রাজিল ফুটবলের অন্যতম বড় সমালোচনা হলো, অনেক ফুটবলার ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর ওপর বেশি গুরুত্ব দেন। আনচেলত্তি সেই সংস্কৃতি থেকে বের হয়ে দলীয় সমন্বয় ও ঐক্যের ওপর জোর দিতে চান। প্রতিভাবান তরুণদের খুঁজে বের করে আধুনিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো করে গড়ে তোলার পরিকল্পনা করছেন তিনি।

আনচেলত্তি বলেন, ‘আমি বিশ্বাস করি, আধুনিক ফুটবলে দলগত কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত প্রতিভা নয়। আপনার যদি দারুণ ব্যক্তিগত প্রতিভা থাকে, তবে জয়ের সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আধুনিক ফুটবলে দলগত কাজটা জরুরি। আমরা ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল গড়তে কাজ করছি, কোনো একক দুর্দান্ত ব্যক্তিগত প্রতিভার ওপর নির্ভর করার জন্য নয়।’