ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। ম্যাচজুড়ে আরও কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও জয় এনে দিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত মেজর লিগ সকারের ম্যাচে ন্যাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
ইন্টার মায়ামির করা দুটি গোলেই অবদান রেখেছেন মেসি। নিজে একটি গোল করার পাশাপাশি প্রথম গোলেও ছিল তাঁর ভূমিকা।
ম্যাচের ৬২ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে গোলটি করেন মেসি। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। কিন্তু যোগ করা সময়ে (৯১ মিনিট) গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার স্যাম সারিজ।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিলের বিপক্ষে এটি মেসির ১৭তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির বিপক্ষে ১৪ ম্যাচ খেলেছেন তিনি।
বাংলাদেশ সময় আজ সকালে হওয়া ম্যাচে মেসি আরও কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন। ৫০ মিনিটে তাঁর একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে আরেকটি শট লাগে পোস্টে। ম্যাচের শেষ দিকে তাঁর একটি শট ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস মাথা দিয়ে ক্লিয়ার করেন। এরপরই সারিজের গোলে সমতায় ফেরে ন্যাশভিল। দ্বিতীয়ার্ধে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন মেসি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিল। চতুর্থ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে গোল করেন সারিজ। ১৯ মিনিটে সমতায় ফেরে মায়ামি। সেখানেও ছিল মেসির ভূমিকা। মায়ামির অধিনায়কের নেওয়া বাঁকানো কর্নার কিক ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে দিক পরিবর্তন করে নিজেদের জালে জড়ায়।
এবারের এমএলএস মৌসুমে ঘরের মাঠে এগিয়ে থেকেও ১১ পয়েন্ট হারিয়েছে মায়ামি। এই তালিকায় তাদের ওপরে আছে শুধু নিউইয়র্ক সিটি ও মন্ট্রিয়েল। লিড ধরে রাখতে না পারাই মেসিদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে।
ইস্টার্ন কনফারেন্সে ন্যাশভিলের সঙ্গে মায়ামির পয়েন্টের ব্যবধান এখনো ৯। হাতে আছে ৯টি ম্যাচ। এই মৌসুমে ন্যাশভিলের বিপক্ষে চার ম্যাচ খেলেও একটিতেও জিততে পারেনি মায়ামি। মৌসুমের শুরুতে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকেও মায়ামিকে বিদায় করেছিল ন্যাশভিল।