ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি
ফুটবলে নতুন নিয়ম চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। এখন থেকে যুব ফুটবলের ম্যাচে গ্যালারিতে অশোভন আচরণ করা অভিভাবক ও দর্শকদের নিয়ন্ত্রণে ‘কালো কার্ড’ ব্যবহার করবেন রেফারি। তবে এই কার্ড কোনো খেলোয়াড়কে দেখানো হবে না; বরং গ্যালারির বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি হবে রেফারির চূড়ান্ত পদক্ষেপ।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নতুন এই নিয়ম অনুমোদন করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব প্রতিযোগিতায় নিয়মটি কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে গ্যালারি থেকে গালাগালি, হুমকি, মারামারি কিংবা শিশু খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগের মতো আচরণ শুরু হলে প্রথমে রেফারি ম্যাচ সাময়িকভাবে বন্ধ করবেন। এরপর দুই দলের কোচ নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন।
এতে পরিস্থিতির উন্নতি না হলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে থাকবে। কোচেরা আবারও গ্যালারিতে গিয়ে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ আবার শুরু হবে। তবে মাঠে ফেরার পরও অভিভাবক বা দর্শকদের আপত্তিকর আচরণ চলতে থাকলে রেফারি দেখাবেন ‘কালো কার্ড’।
কালো কার্ড দেখানো হলে ম্যাচ সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। এরপর আর ম্যাচটি পুনরায় শুরু করা যাবে না।
যুব ফুটবলে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে রোমানিয়ায়। গ্যালারির গালাগালি, হুমকি ও মারামারির মতো আচরণ শিশু খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা ঠেকাতেই নতুন নিয়ম চালু করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।
এর আগে ২০২৪ সালে এ ধরনের আচরণ বন্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল রোমানিয়া ফুটবল ফেডারেশন। অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়েছিল।
তবে এবার ম্যাচ শেষ হওয়ার পর শাস্তি দেওয়ার পরিবর্তে ম্যাচ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতাও রেফারির হাতে তুলে দিল ফেডারেশন। এর মাধ্যমে শিশুদের ফুটবলে গ্যালারির নেতিবাচক পরিবেশ দ্রুত নিয়ন্ত্রণ এবং খেলোয়াড়দের নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ।