০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার

আর্জেন্টিনা দল  © সংগৃহীত

লিওনেল মেসি-পরবর্তী যুগে প্রবেশ করেছে আর্জেন্টিনা। দীর্ঘ ২১ বছর জাতীয় দলের জার্সিতে রাজত্ব করার পর রোজারিওর কিংবদন্তি এই তারকার বিদায়ের পর বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এখন বড় চ্যালেঞ্জ নেতৃত্বের শূন্যতা পূরণ করা এবং মাঠের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা।

মেসির পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির বিদায়ও আর্জেন্টিনার নেতৃত্ব কাঠামোয় বড় শূন্যতা তৈরি করেছে। এতদিন দলের নেতৃত্বের অন্যতম প্রধান দুই স্তম্ভ ছিলেন মেসি ও ওতামেন্দি। তাদের অনুপস্থিতিতে সেই দায়িত্ব এখন পড়তে যাচ্ছে ক্রিস্তিয়ান রোমেরোর ওপর।

২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক বর্তমানে অ্যাতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়। আর্জেন্টিনার ক্লাব বেলগ্রানো দে কর্দোবার হয়ে ফুটবলে বেড়ে ওঠা রোমেরো এবার আলবিসেলেস্তেদের আনুষ্ঠানিক অধিনায়ক এবং মাঠের প্রধান নেতা হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।

তবে এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, লিওনেল স্কালোনির কোচিং স্টাফ বিশ্বকাপের আগেই দলের অধিনায়কত্বের একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করে রেখেছিল। সেই তালিকায় রোমেরোর অবস্থান ছিল তৃতীয় অধিনায়ক হিসেবে।

লা ভোজ দেল ইন্টেরিয়রের প্রতিবেদনে বলা হয়েছে, স্কালোনি দলের অন্যান্য অভিজ্ঞ তারকার তুলনায় রোমেরোর নেতৃত্বগুণকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ কিংবা নিকোলাস তাগলিয়াফিকোর মতো পরিচিত ও জনপ্রিয় খেলোয়াড়রা নেতৃত্বের তালিকায় রোমেরোর পেছনে রয়েছেন।

ইনফোবায়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোমেরোর নেতৃত্ব মূলত ড্রেসিংরুমে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে তার পারফরম্যান্স, আগ্রাসী মানসিকতা এবং চাপের মুহূর্তে দলের হয়ে দাঁড়ানোর ক্ষমতা তাকে সতীর্থদের কাছে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নতুন নেতৃত্ব কাঠামোয় তাগলিয়াফিকো ও দিবু মার্তিনেজকে সহ-অধিনায়ক হওয়ার প্রধান দুই প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫৮টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন রোমেরো। এর মধ্যেই স্কালোনির অধীনে তিনবার অধিনায়কের আর্মব্যান্ড পরার অভিজ্ঞতা হয়েছে তার।

প্রথমবার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে তিনি অধিনায়কত্ব করেন। এরপর ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং মার্চে মৌরিতানিয়ার বিপক্ষেও দলকে নেতৃত্ব দেন।

আর জাতীয় দলের হয়ে রোমেরোর অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ। তার ক্যাবিনেটে রয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি, ২০২১ ও ২০২৪ সালের দুটি কোপা আমেরিকা শিরোপা এবং ওয়েম্বলিতে জেতা ফাইনালিসিমার ট্রফি। নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এসব সাফল্য তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতেই রোমেরোর স্থায়ী অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হতে পারে। ইনফোবায়ের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কনকাকাফ ও আফ্রিকা অঞ্চলের কয়েকটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় রয়েছে বুরকিনা ফাসো ও বেনিন। সম্ভাব্য ম্যাচগুলোর ভেন্যু হিসেবে বুয়েনস আইরেসের মনুমেন্টাল এবং কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামের নামও উঠে এসেছে।