বাফুফের কাছে ১০ ক্লাবের ৬ দাবি
জাতীয় দলের ক্যাম্প, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে ২০২৬–২৭ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে দীর্ঘ বিরতির আশঙ্কা করছে দেশের শীর্ষ লিগের ১০টি ক্লাব।
তাদের দাবি, ঘন ঘন খেলা বন্ধ থাকলে একদিকে যেমন খেলোয়াড়দের বেতন, আবাসন ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হয়, অন্যদিকে নষ্ট হয় খেলোয়াড়দের ফিটনেস ও ম্যাচের ছন্দ।
এমন নানা বিষয় তুলে ধরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে ৬ দফা দাবি জানিয়েছে মোহামেডান, আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব, সিটি ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স, পিডব্লুডি ও ফকিরেরপুল ইয়ংমেনস। তবে এই আবেদনে স্বাক্ষর করেনি বসুন্ধরা কিংস, ফর্টিস এফসি ও পুলিশ এফসি।
ক্লাবগুলোর প্রধান দাবি, লিগ ও ফেডারেশন কাপের সূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে অপ্রয়োজনীয় দীর্ঘ বিরতি না পড়ে। জাতীয় দলের খেলোয়াড়েরা ক্লাবে ফেরার পর দ্রুত ঘরোয়া প্রতিযোগিতা শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে মৌসুম শেষ করার দাবিও জানিয়েছে তারা।
আবেদনে ক্লাবগুলো উল্লেখ করেছে, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা উইন্ডো এবং ৪ থেকে ১৭ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের কারণে লিগ ও ফেডারেশন কাপে বড় বিরতি তৈরি হতে পারে। তাদের ভাষায়, খেলা না থাকলেও এ সময়ে খেলোয়াড়দের বেতন, আবাসনসহ নিয়মিত পরিচালন ব্যয় চালিয়ে যেতে হবে। জাতীয় দলের স্বার্থে লিগ বন্ধ রাখতে হলে ক্লাবগুলোকে বাফুফে কী ধরনের আর্থিক সহায়তা দেবে, সেটিও স্পষ্ট করার দাবি জানিয়েছে তারা।
দীর্ঘ বিরতির ফলে খেলোয়াড়দের ফিটনেস ও ম্যাচের ছন্দ নষ্ট হওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেছে ক্লাবগুলো। তাদের মতে, ‘নিয়মিত ম্যাচ না খেললে খেলোয়াড়দের শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিক প্রস্তুতিও ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রতিযোগিতার মানেও প্রভাব পড়তে পারে।’
২০২৬–২৭ মৌসুমের লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজনের উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছে ১০ ক্লাব। পাশাপাশি লিগ কমিটিতে অংশগ্রহণকারী সব ক্লাবের সরাসরি ও সক্রিয় প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা। এতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে এবং লিগ পরিচালনাও আরও গতিশীল হবে বলে মনে করছে ক্লাবগুলো।
ম্যাচ আয়োজনের লজিস্টিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার দাবিও রয়েছে তাদের। জাতীয় স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন ভেন্যুতে ম্যাচের সূচি নির্ধারণের পর যেন শেষ মুহূর্তে তা স্থগিত বা পরিবর্তন করতে না হয়, সে জন্য বাফুফেকে সুস্পষ্ট গাইডলাইন তৈরির আহ্বান জানিয়েছে ক্লাবগুলো।
এ ছাড়া পার্টিসিপেশন মানির পাশাপাশি লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য প্রাইজমানি চালুর দাবিও জানিয়েছে তারা।