ঢাবিতে আয়োজিত হলো বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের উদ্যোগে এবং শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশাররফ এর তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কবি জসীমউদ্দিন হলের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব হল ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ১নং সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, শামসুল আরেফীন সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহম্মদ আলামিন, আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব, আয়াজ মো. ইমন, প্রচার সম্পাদক তানভীর হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক।
চ্যাম্পিয়ান দল
মুজিব হলের সেশনভিত্তিক ৮টি টিমের অংশগ্রহণে গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জার্সি ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। ৩ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টে ২০২২-২৩ সেশনকে হারিয়ে ২০২৪-২৫ সেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আয়োজক কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ান এবং রানার্স আপ টিমের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন শিখরের পৃষ্ঠপোষকতায় রিনভী মোশাররফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধান অতিথি আকরামুল হাসান বলেন, বেগম খালেদা জিয়া এমন এক আপোষহীন নেত্রী ছিলেন যিনি এই দেশের সার্বভৌমত্ব ও গনতন্ত্র রক্ষায় সারাজীবন লড়াই করে গিয়েছেন। তার নামে এই ক্রীড়া প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মননশীলতা এবং নিজেদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।
প্রধান বক্তার বক্তব্যে নাহিদুজ্জামান শিপন বলেন, বর্তমান সরকার ক্রিড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন এবং তারই ধারাবাহিকতায় ক্রিড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে, পাশাপাশি নতুন কুড়ি স্পোর্টস এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও মনোযোগী করার চেষ্টা করছে।
বিশেষ অতিথি বক্তব্যে আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ ও স্লাটশেমিং এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠনমূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সৌহার্দ্যের রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছে।