ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
ভারতের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে উরুগুয়ে। বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের নিয়ে ৪৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের স্কোয়াডে থাকা ২৬ জনের মধ্যে ২০ জন এই দলে আছেন।
মাঝমাঠে ভালভার্দের সঙ্গে রয়েছেন রদ্রিগো বেনতানকুর, লুকাস তোরেইরা, জর্জিয়ান দে আরাসকায়েতা, ফাকুন্দো পেল্লিসত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো ও ব্রায়ান রদ্রিগেজ।
রক্ষণভাগেও রয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া হিমেনেস, নাহিতান নান্দেস, গিয়ের্মো ভারেলা, মাথিয়াস অলিভেরা ও সেবাস্তিয়ান কাসেরেস রয়েছেন দলে।
গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন সান্তিয়াগো মিলি, ক্রিস্টোফার ফিয়ারমারিন, ইগনাসিও দে আরুবারেনা, সেবাস্তিয়ান জাউমে ও থিয়াগো কারদোসো।
আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন ডারউইন নুনেজ। তার সঙ্গে আছেন মিগুয়েল মেরেন্তিয়েল, রদ্রিগো আগুইরে, মার্তিন সাতরিয়ানো ও আলভারো রদ্রিগেজ।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় দলেরও ব্যস্ত সূচি রয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিপক্ষে খেলবে টিম ইন্ডিয়া।
এরপর ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মুখোমুখি হবে ‘ব্লু টাইগার্স’রা। মাত্র তিনদিন পর ৬ অক্টোবর একই শহরে উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামতে হবে ভারতকে।
উরুগুয়ের কোচ হিসেবে ফোরলানের অভিষেক ম্যাচ হওয়ায় কলকাতার ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে। ২০১০ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা ফোরলান উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে তিনি করেছেন ৩৬ গোল। ২০১১ সালে উরুগুয়ের কোপা আমেরিকা জয়ের দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
ক্লাব ফুটবলেও দীর্ঘ ও সফল ক্যারিয়ার রয়েছে ফোরলানের। ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বড় ক্লাবে খেলেছেন তিনি। ভারতীয় ফুটবলের সঙ্গেও তার পরিচয় রয়েছে, ইন্ডিয়ান সুপার লিগে মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছেন সাবেক এই উরুগুয়ে তারকা।
এবার কোচ হিসেবে তার নতুন অধ্যায়ের শুরু হচ্ছে কলকাতায়। ভালভার্দে, নুনেজ, আরাউহো ও হিমেনেসের মতো প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে ফোরলান কেমন দল গড়ে তোলেন, ভারতের বিপক্ষের ম্যাচেই তার প্রথম আভাস পাওয়া যাবে।
ভারতের কোচ খালিদ জামিলের দলকে তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। তবে ঘরের মাঠে ব্রাজিল ও উরুগুয়ের মতো দুই বিশ্বশক্তির বিপক্ষে খেলার সুযোগ ভারতীয় ফুটবলারদের জন্য বড় অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। আর কলকাতার ফুটবলপ্রেমীরাও এখন অপেক্ষায় দুই দলের জমজমাট লড়াইয়ের।
উরুগুয়ের স্কোয়াড:
গোলকিপার: সান্তিয়াগো মিলি, ক্রিস্টোফার ফিয়ারমারিন, ইগনাসিও দে আরুবারেনা, সেবাস্তিয়ান জাউমে, থিয়াগো কারদোসো।
ডিফেন্ডার: কেভিন আমারো, হোসে লুইস রদ্রিগেজ, গুইলেরমো ভারেলা, নাহিতান নান্দেস, সান্তিয়াগো মরিনো, নিকোলাস মারিচাল, রোনাল্ড আরাউহো, আলেক্সান্দার বারবোজা, হোসে মারিয়া হিমেনেস, হুয়ান রদ্রিগেজ, সেবাস্তিয়ান বোসেলি, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্তিয়ান কাসেরেস, মাথিয়াস অলিভেরা, জোয়াকুইন পিকুয়েরেজ, লুকাস ওলাজা, মার্সেলো সারাচি, হুয়ান মানুয়েল সানাবরিয়া।
মিডফিল্ডার: এমিলিয়ানো মার্তিনেজ, লুকাস তোরেইরা, রদ্রিগো বেনতানকুর, ফাকুন্দো বার্নাল, সান্তিয়াগো হোমচেঙ্কো, ফেদেরিকো ভালভার্দে, আগুস্তিন কানোব্বিও, মাতিয়াস আবালদো, ফাকুন্দো পেল্লিসত্রি, লুসিয়ানো রদ্রিগেজ, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, লুকাস ভিলালবা, ব্রায়ান রদ্রিগেজ, রদ্রিগো জালাজার, ডিয়েগো রসি, জর্জিয়ান দে আরাসকায়েতা।
ফরোয়ার্ড: মার্তিন সাতরিয়ানো, আগুস্তিন এ মার্তিনেজ, রদ্রিগো আগুইরে, ফেদেরিকো ভিনাস, মিগুয়েল মেরেন্তিয়েল, ডারউইন নুনেজ ও আলভারো রদ্রিগেজ।