০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৮

সর্বকালের সেরা কে—মেসির ইনস্টাগ্রাম ভিডিওতে বিতর্কের অবসান

লিওনেল মেসি   © সংগৃহীত

লিওনেল মেসিই কি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা? এই প্রশ্নের উত্তর নিয়ে বছরের পর বছর ধরে চলছে বিতর্ক। তবে এবার সেই বিতর্কে নিজের অবস্থান যেন নিজেই জানিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। ইনস্টাগ্রামে প্রকাশ করা একটি ভিডিওতে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের অর্জনগুলো তুলে ধরা হয়েছে রেস্তোরাঁর একটি রসিদের আদলে। আর রসিদের শেষ লাইনে লেখা—‘গোট ডিবেট সেটেলড।’ অর্থাৎ, সর্বকালের সেরার বিতর্কের ইতি ঘটেছে।

মেসির অর্জনের তালিকা বিশাল। বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক সোনা, অসংখ্য গোল ও অ্যাসিস্ট—আর্জেন্টিনার জার্সিতে প্রায় সবকিছুই জিতেছেন তিনি। এবার এসব অর্জন এক টুকরা কাগজে তুলে ধরা হয়েছে। সেটি দেখতে সাধারণ রেস্তোরাঁর রসিদের মতো হলেও এর প্রতিটি লাইনে আছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের গল্প।

রসিদটি মেসি নিজেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন। সেখানে আর্জেন্টিনার হয়ে তাঁর একের পর এক অর্জন তুলে ধরা হয়েছে। তবে ভিডিওটি একটি নতুন ব্র্যান্ড ক্যাম্পেইনের অংশ। যুক্তরাষ্ট্রের বিয়ার কোম্পানি মাইকেলব আল্ট্রাকে পোস্টটিতে ট্যাগও করেছেন মেসি।

রসিদে শুধু শিরোপা বা পরিসংখ্যানই নয়, মেসির প্রভাবের কথাও উঠে এসেছে। আর্জেন্টিনার হয়ে খেলে তিনি কোটি কোটি ভক্তকে অনুপ্রাণিত করেছেন। একই সঙ্গে প্রতিপক্ষ দলের সমর্থকদের হতাশা ও যন্ত্রণার কথাও তুলে ধরা হয়েছে। সবশেষে লেখা হয়েছে—‘গোট ডিবেট সেটেলড।’

সর্বকালের সেরার বিতর্কে মেসির নাম নতুন নয়। আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা জেতার আগেও তাঁকে নিয়ে এই আলোচনা ছিল। কারণ, ক্লাব ফুটবলে তাঁর অর্জন ছিল অবিশ্বাস্য। তবে অনেকের মতে, ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর সেই বিতর্কের আর খুব বেশি কিছু বাকি নেই। মেসির ইনস্টাগ্রামের ভিডিও যেন সেই দাবিকেই আরও জোরালো করল।

৩৯ বছর বয়সী মেসি আন্তর্জাতিক ফুটবলে প্রায় সব শিরোপাই জিতে ক্যারিয়ার শেষ করেছেন। আর্জেন্টিনার জার্সিতে তাঁর শুরুর সময়টা অবশ্য ছিল হতাশায় ভরা। কিন্তু ২০২১ সালের পর বদলে যায় পুরো গল্প।

২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে বড় শিরোপার খরা কাটান মেসি। পরের বছর কাতার বিশ্বকাপে আসে ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করেন তিনি। একই সঙ্গে জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

এরপর ২০২২ সালে ফিনালিসিমা জেতেন মেসি। ২০২৪ সালে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপাও জেতেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে তাঁর শেষ পাঁচ বছর কেটেছে স্বপ্নের মতো।

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মেসি। এর পরদিনই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘২০ বছরের বেশি সময়। ছয়টি ফিফা বিশ্বকাপ। অগণিত স্মৃতি। আমার পথচলার প্রতিটি ধাপে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসিকে সর্বকালের সেরা হিসেবে দেখার দাবি আরও জোরালো হয়েছে। এবার তাঁর নিজের ইনস্টাগ্রাম পোস্টের শেষ বার্তাও যেন সেই দাবির পক্ষেই কথা বলল। ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের ‘সর্বকালের সেরা’ বিতর্কে মেসির পক্ষের রায়টি তাই আরও একবার সামনে চলে এলো।