০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৯

নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানের সঙ্গে

ব্রাজিল ও জাপান দল   © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে রাউন্ড অফ-৩২তে ব্রাজিলের কাছে হেরে বাদ পড়েছিল এশিয়ার অন্যতম জনপ্রিয় দল জাপান। এবার সেই হারের প্রতিশোধ নিতে মোক্ষম সুযোগ পেতে যাচ্ছে জাপান। আগামী নভেম্বরে নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে দল দুটি। নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার জাতির  ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ কাপ।

স্বাগতিক সিঙ্গাপুরসহ এই টুর্নামেন্টে অংশ নেবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। আয়োজকেরা আজ বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে টুর্নামেন্টটি আয়োজন করা হবে। ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। প্রথমদিন স্বাগতিক সিঙ্গাপুর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে। পরদিন ১৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে জাপান। বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল জাপান। এবার সেই হারের জবাব দেওয়ার সুযোগ পাচ্ছে এশিয়ার দলটি।

আরও পড়ুন: সর্বকালের সেরা কে—মেসির ইনস্টাগ্রাম ভিডিওতে বিতর্কের অবসান

১৭ নভেম্বর দুটি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। সেদিন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে স্বাগতিক সিঙ্গাপুর। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে জাপান ও প্যারাগুয়ে।

সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই হারের পর প্রথম ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল।

আগামী ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচেও তাদের প্রতিপক্ষ থাকবে স্বাগতিক অস্ট্রেলিয়া।

এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি সামনে রেখে ভারতীয় কোচ খালিদ জামিল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ভারতের দল অনুশীলন শুরু করবে।