এক ম্যাচে ৪ গোল মেসির, শেষ কবে করেছিলেন রোনালদো?
সিএফ মন্ট্রিলের বিপক্ষে ৪ গোল করে ফের আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ৭-১ গোলের জয় এনে দেওয়ার পথে দ্বিতীয়ার্ধেই তিনবার জালে বল পাঠান আর্জেন্টাইন এই তারকা। প্রথমার্ধেও একটি গোল করেছিলেন।
২০২০ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম এক ম্যাচে ৪ গোলের দেখা পেলেন মেসি। ক্যারিয়ারে এটি তার অষ্টম চার বা তার বেশি গোলের ম্যাচ। সর্বশেষ বার্সেলোনার জার্সিতে এইবারের বিপক্ষে এমন কীর্তি তিনি গড়েছিলেন। দীর্ঘ সাড়ে ৬ বছর পর আবারও চার গোল করলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এদিকে মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম স্বাভাবিকভাবেই সামনে এসেছে। এও প্রশ্ন উঠছে, সর্বশেষ কবে এক ম্যাচে ৪ গোল করেছিলেন পর্তুগিজ তারকা?
সর্বশেষ ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি এক ম্যাচে চার গোল করেছিলেন রোনালদো। সেদিন আল ওয়েহদার বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে ৪টি গোলই করেছিলেন তিনি।
অন্যদিকে মেসি-রোনালদোর লড়াই এখন শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়। ক্যারিয়ারের এক ঐতিহাসিক মাইলফলক ১ হাজার গোল ছোঁয়ার দিকে ছুটছেন দুজনই।
বর্তমানে রোনালদোর ক্যারিয়ার গোল ৯৭৮টি। অর্থাৎ হাজারে পৌঁছাতে আর মাত্র ২২ গোল দরকার সিআর-সেভেনের। অন্যদিকে ১ হাজার ১৭০ ম্যাচে মেসির গোলসংখ্যা ৯২৭। তার প্রয়োজন আরও ৭৩ গোল।