২৮ আগস্ট ২০২৬, ০৮:২৬

আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি

গোলরক্ষক এমি মার্তিনেস  © সংগৃহীত

অবশেষে রবার্ট সানচেজের একের পর এক ভুলের কারণে নতুন গোলরক্ষকের পথে হাঁটতে হলো চেলসিকে। অ্যাস্টন ভিলা থেকে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেসকে দলে ভেড়াতে সাড়ে সাত মিলিয়ন পাউন্ডে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি।

৩৩ বছর বয়সী এই তারকা গোলরক্ষক দ্রুতই লন্ডনে এসে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন বলে জানা গেছে। গত সোমবার ফুলহামের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে সানচেজের হতাশাজনক পারফরম্যান্সের পরই দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয় চেলসি বোর্ড।

ওই ম্যাচে প্রথমার্ধে জশ কিংয়ের সহজ একটি শট সানচেজের হাত ফসকে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধেও বিপজ্জনক জায়গায় বল ফেলে গনসালো গার্সিয়াকে গোলের সুযোগ করে দেন তিনি।

চলতি মাসের শুরুতে ইতালিয়ান ক্লাব পারমা থেকে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ডে জাপানি গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভেড়ানোর পর থেকেই মার্তিনেজকে ছেড়ে দিতে রাজি ছিল অ্যাস্টন ভিলা।

এর আগে গত মাসে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসেও যাওয়ার কথা ছিল মার্তিনেজের। তবে আঙুলের চোটের শঙ্কায় সেই চুক্তি ভেস্তে যায়। এরপর টটেনহাম থেকে গুগলিয়েলমো ভিকারিওকে ধারে দলে টানে ইতালির ক্লাবটি।