২৭ আগস্ট ২০২৬, ১৯:২৯

চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল

চ্যাম্পিয়ন্স লিগ ড্র   © সংগৃহীত

শেষ চারটি দল মূল প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করার পর বৃহস্পতিবারের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্রয়ের জন্য সিডিং পট চূড়ান্ত হয়েছে।

লিগ পর্বে জায়গা পাওয়া ৩৬টি দলকে গত পাঁচ বছরে উয়েফার প্রতিযোগিতাগুলোতে তাদের ফলাফলের ভিত্তিতে চারটি পটে ভাগ করা হয়েছে। এরপর প্রতিটি দলকে প্রতিটি পট থেকে দুটি করে দলের বিপক্ষে খেলতে হবে, একটি ম্যাচ নিজেদের মাঠে এবং অন্যটি প্রতিপক্ষের মাঠে।

ইউরোপের টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজিকে স্বয়ংক্রিয়ভাবে পট ১-এ রাখা হয়েছে। তাদের সঙ্গে এই পটে থাকছে গত বছরের ফাইনালে পিএসজির কাছে হারা আর্সেনাল এবং ইউরোপের অন্য শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও এ্যাথলেটিকো মাদ্রিদ। 

তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড পট-২ থেকে ড্রয়ে উঠবে। দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে তারা। এই পটে তাদের সঙ্গে থাকবে ইউরোপা লিগজয়ী এ্যাস্টন ভিলা এবং সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড ও এফসি পোর্তো।

পট-৩ ও ৪-এর বেশ কয়েকটি দল গত দুই দিনে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। বুধবার প্লে-অফে ফেনারবাখ দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে লিঁওকে হারিয়ে ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবারের মতো বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে উঠেছে।

পট ৩-এ থাকবে এইকে এথেন্সও। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর ঘরের মাঠে লেভস্কি সোফিয়াকে ৪-০ গোলে হারিয়ে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবারের মতো তারা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা করে নিয়েছে।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ চমক দেখানো নরওয়ের বোডো/গ্লিমট পট ৩-এ থাকায় তাদের বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটি, অ্যাথলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের বিপক্ষে একের পর এক স্মরণীয় জয় তুলে নিয়ে তারা শেষ ষোলোতে পৌঁছেছিল।

তাদেরই নরওয়ের প্রতিবেশী ক্লাব ভাইকিং এফকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলবে। প্লে-অফে ডিনামো জাগরেবকে বিদায় করে তারা এই সাফল্য পায়। বুধবার ৩-১ গোলে জয়ের মাধ্যমে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় ভাইকিং। তাদের রাখা হয়েছে পট ৪-এ।

পট ৪-এ আরও রয়েছে প্রথমবারের মতো মূল পর্বে ওঠা আজারবাইজানের সাবাহ, অস্ট্রিয়ার লাস্ক লিনৎস এবং ইতালির কোমো। 

লিগ পর্ব শেষে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোতে জায়গা পাবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো নকআউট পর্বের প্লে-অফে মুখোমুখি হবে।

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্রয়ের পট :

পট-১: পিএসজি (ফ্রান্স), বায়ার্ন মিউনিখ (জার্মানি), রিয়াল মাদ্রিদ (স্পেন), লিভারপুল (ইংল্যান্ড), ইন্টার মিলান (ইতালি), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), আর্সেনাল (ইংল্যান্ড), বার্সেলোনা (স্পেন), অ্যাথলেটিকো মাদ্রিদ (স্পেন)

পট-২: বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), রোমা (ইতালি), স্পোর্টিং সিপি (পর্তুগাল), অ্যাস্টন ভিলা (ইংল্যান্ড), পোর্তো (পর্তুগাল), ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), ক্লাব ব্রাগ (বেলজিয়াম), রিয়াল বেটিস (স্পেন), পিএসভি (নেদারল্যান্ডস)

পট-৩: ফেয়েনুর্দ (নেদারল্যান্ডস), লিলি (ফ্রান্স), বোডো/গ্লিমট (নরওয়ে), নাপোলি (ইতালি), আরবি লিপজিগ (জার্মানি), ভিয়ারিয়ার (স্পেন), ফেনারবাখ (তুরস্ক), শাখতার দোনেৎস্ক (ইউক্রেন), গ্যালাতাসারে (তুরস্ক)

পট-৪: স্লাভিয়া প্রাগ (চেক প্রজাতন্ত্র), স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া), স্টুটগার্ট (জার্মানি), এইকে এথেন্স (গ্রিস), লাস্ক (অস্ট্রিয়া), কোমো (ইতালি), লেন্স (ফ্রান্স), ভাইকিং (নরওয়ে), সাবাহ (আজারবাইজান)।