মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের?
চেস্টারের সুবারু পার্কে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির ম্যাচে টানটান উত্তেজনাই ছিল। ২-২ গোলে ড্রয়ের ম্যাচে গোলের লড়াইয়ের পাশাপাশি শেষ দিকে খেলোয়াড়দের হাতাহাতিও দেখা যায়।
ইনজুরি টাইমের ১২তম মিনিটে মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান বিবাদে জড়িয়ে পড়েন। ধাক্কাধাক্কির ঘটনায় দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। এই ঘটনার সূত্রপাত অবশ্য কাভানের বড় ভাই, বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের বাদানুবাদ থেকে। এ ঘটনায় কুইনকে হলুদ কার্ড দেখানো হয়।
এর আগে লিওনেল মেসির সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান কুইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুইন মেসির বুকে আলতো করে হাত দেওয়ার পর তাকে চড় মারেন মেসি। এরপর মেসির দিকে এগিয়ে যান কুইন এবং দুজন মাথা ঠেকিয়ে তর্কেও জড়ান। পরে রেফারি এসে তাদের আলাদা করেন। তবে কী কারণে তাদের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে, ম্যাচের ১১তম মিনিটেই ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ২১তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান দানিয়েল পিন্টার। চার মিনিট পরই মেসির জাদুতে এগিয়ে যায় মায়ামি। ফিলাডেলফিয়ার বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে গোল করেন আর্জেন্টাইন তারকা। গোলের পর আকাশের দিকে তাকিয়ে প্রয়াত বাবাকে স্মরণ করেন তিনি।
তবে মায়ামির লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে নিল পিয়েরের গোলে আবারও সমতায় ফেরে ফিলাডেলফিয়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি। তবে মাঠের উত্তেজনা শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত থামেনি।