২০ আগস্ট ২০২৬, ১৬:২৫

মেসিদের বিশ্বকাপ স্মৃতি ফেরাল এএফএ

আর্জেন্টিনা দল   © সংগৃহীত

স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। তবে পরাজয়ের চেয়েও বেশি আলোচনায় ছিল লিওনেল স্কালোনির দলের নিষ্প্রভ পারফরম্যান্স। এরপর ড্রেসিংরুমে লিওনেল মেসির একটি ভিডিও এবং নানা সমীকরণকে ঘিরে সমর্থকদের একাংশের মধ্যে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়িয়ে পড়েছিল। যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শুরু থেকেই সেই দাবি নাকচ করে আসছিল। এবার আবেগঘন এক ভিডিও প্রকাশ করে বিশ্বকাপজয়ী দলটির প্রতি কৃতজ্ঞতা ও অনুপ্রেরণার বার্তা দিয়েছে সংস্থাটি।

এএফএ প্রকাশিত ভিডিওতে বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলার নানা স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। এতে গ্রুপ পর্ব থেকে শুরু করে একের পর এক ম্যাচ পেরিয়ে ফাইনালে ওঠার পুরো যাত্রাই ফুটে উঠেছে। পাশাপাশি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘কখনো চেষ্টা থামিয়ে না দেওয়ার’ বার্তাও দেয় কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নদের এই ফুটবল সংস্থা।

ভিডিওতে আর্জেন্টিনার বিশ্বকাপযাত্রার বিভিন্ন মুহূর্তের ছবি ও দৃশ্য দেখানোর সময় ধারাভাষ্যে বলা হয়েছে, ‘এক মাস আগে এমন কিছু ঘটেছিল, যা অনেকেই চাননি। আর্জেন্টিনা আবারও একটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে। অনেকেই বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও সত্যিটা হলো, এটা ঘটেছিল। আমরা যেসব ম্যাচ মোকাবিলা করেছি, সেগুলোতে ঘুরে দাঁড়িয়েছি। ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছি এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করেছি।’

ভিডিওর বার্তায় ফাইনালের পর ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ও ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণা’র প্রসঙ্গও উঠে এসেছে। এএফএ জানিয়েছে, ‘আর্জেন্টিনাবিরোধী যত প্রচারণাই থাকুক না কেন, আমরা একই অবস্থানে পৌঁছেছিলাম। তাই কেউ যখন আপনাকে বলে, কিছু একটা ঘটেছিল, আপনি বলতে পারেন– হ্যাঁ, ঘটেছিল। ঘটেছিল এমন একটি দলের, যারা জয়ের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিল। যারা শেষ পর্যন্ত লড়াই করেছে, কখনও হাল ছাড়েনি। যারা সবকিছু জিতেছিল, কিন্তু এবার তাদের হারতে হয়েছে।’

ভিডিওর শেষদিকে লে আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসির রানার্স-আপ পদক পাওয়ার পর কান্নার দৃশ্যটি জুড়ে দেওয়া হয়। সেই সময় ঘোষকের কণ্ঠে শোনা যায়, ‘আমাদের অধিনায়কের চোখের জল আবারও আমাদের দেখিয়েছে, আপনি জিততে পারেন, হারতেও পারেন। কিন্তু যা-ই ঘটুক না কেন, একটি কাজ আপনি করতে পারেন না, চেষ্টা থামিয়ে দিতে পারেন না।’