বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক হেরোনিমো রুল্লিকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব মার্শেই থেকে ৩৪ বছর বয়সী এই গোলরক্ষককে দুই বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি। বুধবার দুই ক্লাবই রুল্লির দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে।
সিটিতে এসে রুল্লি ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০১৬-১৭ মৌসুমেও ম্যানচেস্টার সিটিতে ছিলেন তিনি। তবে সে সময় এতিকাদ স্টেডিয়ামে একটি মৌসুম কাটালেও মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
দ্বিতীয়বার সিটিতে ফিরে রুল্লি বলেন, ‘এটি আমার জন্য দারুণ একটি সুযোগ এবং আমাকে এই সুযোগটি কাজে লাগাতেই হতো। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সুযোগ যখন আসে, তখন সেটি গ্রহণ করতেই হয়।’
সিটির প্রশংসা করে এই গোলরক্ষক বলেন, ‘এই ক্লাবটি কতটা দুর্দান্ত, তা সবাই জানে। দীর্ঘ সময় ধরে সিটির সাফল্য সত্যিই অসাধারণ। সিটি নিয়ে যাদের সঙ্গে আমি কথা বলেছি, সবাই আমাকে এখানে যোগ দিতে বলেছে। কারণ এটি এমন একটি ক্লাব, যেখানে মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না।’
নতুন ক্লাবে নিজের দায়িত্ব সম্পর্কেও পরিষ্কার ধারণা দিয়েছেন রুল্লি। তিনি বলেন, ‘এখন আমার কাজ হলো কঠোর পরিশ্রম করা, খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে পরিচিত হওয়া এবং নিজের সেরা পর্যায়ে পৌঁছানোর জন্য যা যা করা দরকার, সবকিছু করা।’
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুল্লি। ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি। গত মাসে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন রুল্লি। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা।
ইউরোপের ক্লাব ফুটবলেও বেশ পরিচিত নাম রুল্লি। রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল, মন্টপেলিয়ের ও আয়াক্সের হয়ে খেলেছেন তিনি।
২০২১ সালের ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভিয়ারিয়ালের হয়ে অসাধারণ এক মুহূর্ত উপহার দিয়েছিলেন রুল্লি। টাইব্রেকারে নিজেই পেনাল্টি নিয়ে গোল করেন তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়ার পেনাল্টি ঠেকিয়ে ভিয়ারিয়ালকে ১১-১০ ব্যবধানে জয় এনে দেন। সেই জয়ের মাধ্যমে ইউরোপা লিগের শিরোপা জেতে ভিয়ারিয়াল।
এদিকে আর্থিক চাপের মধ্যে থাকা মার্শেইকে এই গ্রীষ্মে একাধিক খেলোয়াড় বিক্রি করতে হচ্ছে। উয়েফার আর্থিক ভারসাম্যসংক্রান্ত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় ক্লাবটিকে ১ কোটি ইউরো জরিমানা করা হয়েছে। নিজেদের আর্থিক হিসাব ঠিক রাখতে খেলোয়াড় বিক্রি করে অর্থ সংগ্রহের পথেই হাঁটছে ফরাসি ক্লাবটি।
২০২৫-২৬ মৌসুমে লিগ ওয়ানে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করেছে মার্শেই। ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারবে না ক্লাবটি।
রুল্লির আগে আরও কয়েকজন খেলোয়াড়কে ছেড়েছে মার্শেই। মঙ্গলবার আর্জেন্টিনার আরেক খেলোয়াড় ও ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাকে বায়ার লেভারকুসেনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি। মার্শেইয়ে মাত্র এক মৌসুম কাটিয়েই জার্মান ক্লাবটিতে পাড়ি জমিয়েছেন তিনি।
এর আগে ক্লাবটির সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের কয়েকজনকেও ছেড়ে দিয়েছে মার্শেই। ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড যোগ দিয়েছেন ফেনেরবাহচেতে। আর গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াং চলে গেছেন স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ায়।