১৭ আগস্ট ২০২৬, ০৮:০০

চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো

অবসরে যেতে চান রোনালদো   © সংগৃহীত

ফুটবল মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘ ক্যারিয়ার শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। পর্তুগালের এই কিংবদন্তি জানিয়েছেন, চলতি বছরই হয়তো ফুটবলকে বিদায় জানাবেন তিনি। অবসরের আগে নিজের জন্য একটি ‘দারুণ উত্তরাধিকার’ রেখে যেতে চান ৪১ বছর বয়সী এই তারকা।

রবিবার প্রকাশিত ফ্যাশন ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর হতে যাচ্ছে।’ নিজের বিয়েকে কেন্দ্র করে স্ত্রী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ভোগকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি।

ফুটবল ছাড়ার পর কী করবেন, সেটিও আগে থেকেই ঠিক করে রেখেছেন রোনালদো। নিজের বিভিন্ন ব্যবসার পাশাপাশি নতুন জীবনকে নানা কাজে ব্যস্ত রাখতে চান তিনি। এ প্রসঙ্গে পর্তুগিজ তারকা বলেন, ‘আমার পুরো ভবিষ্যৎ পরিকল্পনা করা আছে। আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছু আছে। সেখান থেকে একটি বিষয় আলাদা করে বলা কঠিন। ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটা শূন্যতা তৈরি হতে পারে। তাই সেই সময়টা শুধু একটি কাজে নয়, বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে হবে।’

ফুটবল ক্যারিয়ারের বাইরে রোনালদো ইতোমধ্যে বেশ কিছু ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। হোটেল ব্যবসা, হেয়ার ইমপ্ল্যান্ট ক্লিনিক, বোতলজাত পানি ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতে তার ব্যবসা রয়েছে। অবসরের পর এসব কাজেই আরও বেশি সময় দিতে চান তিনি।

ফুটবল থেকে বিদায় নেওয়ার পর জীবনকে আরও উপভোগ করতে চান রোনালদো। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল খেলতে ও দেখতে চাই। এই খেলাটি আমার খুব পছন্দ। পাশাপাশি এখন পর্যন্ত যা অর্জন করেছি, তা উপভোগ করে যেতে চাই। আমরা যা অর্জন করেছি, সেটাও উপভোগ করতে চাই। কারণ গত ২৫ বছর ধরে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের হয়েও সম্প্রতি নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ খেলেছেন তিনি। সেই আসরে শেষ ষোলোতে উঠেছিল পর্তুগাল। তবে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। শেষ পর্যন্ত স্পেনই বিশ্বকাপের শিরোপা জেতে।

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে তাই মাঠের বাইরের জীবন নিয়েও ভাবছেন রোনালদো। দীর্ঘ ২৫ বছরের পেশাদার ক্যারিয়ারের পর এবার নিজের মতো করে সময় কাটানোর পরিকল্পনাও করছেন তিনি।