০৯ আগস্ট ২০২৬, ২১:০৪

মেসির কঠিন সময়ে পাশে আর্জেন্টিনা সতীর্থরা

লিওনেল মেসি  © সংগৃহীত

মাঠের সতীর্থদের এবার জীবনের কঠিন সময়ে পাশে পাচ্ছেন লিওনেল মেসি। বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকে ডুবে থাকা অধিনায়কের পাশে দাঁড়াতে রোজারিও যাচ্ছেন আর্জেন্টিনা দলের কয়েকজন সতীর্থ। বোকা জুনিয়র্সের অধিনায়ক ও আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস জানিয়েছেন, মেসির বাবার শেষকৃত্যে যোগ দিতে সতীর্থদের নিয়ে রোজারিও যাবেন তারা।

এ নিয়ে পারেদেস বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলতে পারিনি। আমি জানি, সে (মেসি) ভ্রমণের মধ্যে রয়েছে। আমরা এখানে থাকলে নিশ্চয়ই তার ভালো লাগবে, এই ভেবে তিনি এসে পৌঁছানো পর্যন্ত তার পাশে থাকার অপেক্ষায় আছি।’

বাবার মৃত্যুর খবর পেয়েই মায়ামি থেকে নিজ শহর রোজারিওতে ফিরেছেন মেসি। পুরো ক্যারিয়ারে ছায়ার মতো পাশে থাকা বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে এবং মা সেলিয়াসহ পরিবারের পাশে থাকতে দেশে ফিরেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। এই কঠিন সময়ে জাতীয় দলের সতীর্থদের উপস্থিতি মেসিকে কিছুটা হলেও সান্ত্বনা দেবে, এটাই তাদের প্রত্যাশা।

ভ্রমণের পরিকল্পনা সম্পর্কে পারেদেস বলেন, ‘এখন আমি আমার কিছু সতীর্থের সঙ্গে কথা বলব, আমরা এখনই যাব নাকি আগামীকাল দুপুরের পর যাব তা দেখতে। আমাদের কাছে তার (মেসির) যে গুরুত্ব, সে কারণে আমরা এই শোককে নিজেদের বলেই মনে করছি।’