০৮ আগস্ট ২০২৬, ১৯:০১

পরকিয়ার অভিযোগ অস্বীকার ফিফা সভাপতির

জিয়ান্নি ইনফান্তিনো  © সংগৃহীত

একের পর এক বিতর্কে জড়াচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের প্রস্তাব দিয়ে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলোর তোপের মুখে পড়েছিলেন তিনি। পরে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ফিফা সভাপতি।

এরপর থেকেই কিছুটা চাপে রয়েছে ইনফান্তিনোর নেতৃত্ব। এর মধ্যেই তাকে ঘিরে উঠেছে নতুন অভিযোগ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উয়েফার মহাসচিব থাকাকালে কথিত সম্পর্ক থাকা এক নারীকে বিদায়কালীন অর্থ দেওয়া হয়েছিল।

তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন ইনফান্তিনো। তার মুখপাত্রের ভাষ্য, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার মহাসচিবের দায়িত্বে ছিলেন ইনফান্তিনো। ওই নারীকে অর্থ দেওয়ার বিষয়টি অবশ্য নিশ্চিত করেছে উয়েফা। তবে সংস্থাটির দাবি, অর্থটি দেওয়া হয়েছিল স্থানীয় একটি বিজনেস স্কুলে ওই নারীর এমবিএ কোর্সের খরচ মেটাতে।

উয়েফার পক্ষ থেকে আরও বলা হয়েছে, সে সময়কার প্রচলিত নিয়ম মেনেই অর্থ প্রদান করা হয়েছিল। পরবর্তী সময়ে অবশ্য সংস্থাটি তাদের নীতিমালা আরও কঠোর করেছে এবং আধুনিক ও উচ্চপ্রোফাইল প্রতিষ্ঠানের উপযোগী নতুন নীতিমালা প্রণয়ন করেছে।

ডেইলি টেলিগ্রাফের দাবি, ওই নারীকে দেওয়া অর্থের পরিমাণ ছিল ৬ অঙ্কের।

তবে ইনফান্তিনোর মুখপাত্রের দাবি, উয়েফা বা ফিফার কোনো কর্মী কখনো তার আচরণ নিয়ে অভিযোগ করেননি। তার বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ কিংবা কোনো বিধি লঙ্ঘনের অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।