০৭ আগস্ট ২০২৬, ১২:২৭

আমার পরিকল্পনার এ, বি এবং সি—সবই স্কালোনি

স্কালোনি ও তাপিয়া  © সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে সব ধরনের জল্পনার মধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া। তিনি জানিয়েছেন, স্কালোনিকে রেখেই ভবিষ্যতের পরিকল্পনা করছে এএফএ এবং তার বিকল্প হিসেবে অন্য কোনো কোচের কথা ভাবছেন না।

সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, স্কালোনির সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো এবং তিনি আশা করছেন, বর্তমান কোচই আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে থেকে যাবেন।

তাপিয়া বলেন, ‘আমি গ্রিঙ্গোকে (স্কালোনি) খুব ভালোবাসি। সে এখানে অনেক কঠিন সময় পার করেছে।’

তিনি জানান, স্কালোনির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। তাপিয়ার ভাষায়, ‘আমাদের মধ্যে সবসময়ই পারস্পরিক যোগাযোগ থাকে।’

২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর স্কালোনির মানসিক অবস্থার কথাও উল্লেখ করেন এএফএ সভাপতি। তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের নিজের শোক বা হতাশা কাটিয়ে ওঠার জন্য কিছু সময় দরকার। আমি বিশ্বাস করি, আমি তাকে জাতীয় দলে থেকে যাওয়ার জন্য রাজি করাতে পারব। আমরা সবাই চাই, সে থাকুক। আমাদের আলোচনা অনেকটাই এগিয়ে গিয়েছিল।’

স্কালোনি যদি শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে বিকল্প কোনো কোচের কথা ভাবছেন কি না—এমন প্রশ্নের জবাবে তাপিয়া একেবারেই পরিষ্কার ভাষায় বলেন, ‘আমার পরিকল্পনা এ, বি এবং সি—সবই স্কালোনি।’

তাপিয়া আরও বলেন, বর্তমান আর্জেন্টিনা দল মানুষের সঙ্গে এক বিশেষ সম্পর্ক তৈরি করতে পেরেছে।

তিনি বলেন, ‘মানুষ এই দলটির সঙ্গে নিজেদের একাত্ম করতে পেরেছে। আমার মনে হয়, এই জাতীয় দলের মতো এত আনন্দ আগে কখনও পুরো দেশ পায়নি।’

এরপর নিজের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও তুলে ধরেন তিনি। তাপিয়া বলেন, ‘হয়তো আমার সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত ছিল জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক মানুষকে বেছে নেওয়া এবং কঠিন সময়েও তার ওপর আস্থা রাখা।’

২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেন স্কালোনি। এর আগে তিনি হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফের সদস্য ছিলেন। পরে স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ার পর তিনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সফল অধ্যায় রচনা করেন।

লিওনেল মেসিকে সামনে রেখে তার অধীনে আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপ জেতে। এছাড়া ২০২১ সালে ব্রাজিলে এবং ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুটি কোপা আমেরিকার শিরোপাও জেতে দলটি। একই সঙ্গে ২০২২ সালে ইতালিকে হারিয়ে ফিনালিসিমাও জিতে নেয় আলবিসেলেস্তেরা।

এদিকে জাতীয় দলে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তাপিয়া। তিনি জানান, জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কি না, সেটি পুরোপুরি মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত।

২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলেছিল। পুরো টুর্নামেন্টজুড়ে একের পর এক স্মরণীয় ম্যাচ উপহার দিয়ে দলটি ফাইনালে ওঠে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায়।

ফাইনালে সেই পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি। কাঁদতে কাঁদতেই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দেন।

স্কালোনি বলেছিলেন, ‘আমি জানি না, এর চেয়েও বড় কিছু আর অর্জন করতে পারব কি না।’

আরও বলেন, ‘এটা আমার আত্মাকে কষ্ট দিচ্ছে। সত্যিই খুব কষ্ট হচ্ছে।’

বর্তমান চুক্তি অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে স্কালোনির চুক্তি রয়েছে।

এর আগে আর্জেন্টিনা এ বছর আরও দুটি ফিফা উইন্ডোতে খেলবে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে সম্ভাব্য তিনটি প্রীতি ম্যাচ রয়েছে। এরপর ৯ থেকে ১৭ নভেম্বরের উইন্ডোতে আরও দুটি ম্যাচ খেলবে দলটি।

স্কালোনি এই ম্যাচগুলোতে দলের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ধারণা করা হচ্ছে, এই দুটি ক্যাম্পের কোনো একটিতে তাপিয়া ও স্কালোনির মধ্যে বৈঠক হবে। সেই বৈঠকেই জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

তবে তাপিয়া আগেই পরিষ্কার করে দিয়েছেন, তিনি অন্য কোনো কোচের কথা ভাবছেন না। তার একমাত্র লক্ষ্য, স্কালোনিকে রাজি করিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে বহাল রাখা।