০৭ আগস্ট ২০২৬, ০৮:৩৩

১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে মেসি-রোনালদো

রোনালদো ও মেসি   © সংগৃহীত

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ১,০০০ অফিসিয়াল গোলের দৌড় এখন নতুন করে আলোচনায়। ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন মেসি। তবে এখনো এগিয়ে আছেন রোনালদো, যার ঝুলিতে রয়েছে ৯৭৭টি অফিসিয়াল গোল।

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে, যেখানে দুই তারকাই নিজেদের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন, আবার শুরু হয়েছে মেজর লিগ সকার (এমএলএস)। অল্প কিছুদিনের বিরতির পর ইন্টার মায়ামির জার্সিতে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। এতে অ্যাটলেটিকো সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

প্রায় দুই দশক ধরে ফুটবলের রেকর্ড নতুন করে লিখে চলেছেন মেসি ও রোনালদো। ক্যারিয়ারের শেষ সময়ে এসে তারা ভিন্ন লিগে খেললেও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে তাদের অফিসিয়াল গোলসংখ্যা।

২০২৬ লিগস কাপের প্রথম ম্যাচে মেসি ১১ ও ৪৪ মিনিটে দুটি গোল করেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে (৪৫+৭) মিকায়েল দোস সান্তোস সিলভাকে দিয়ে আরও একটি গোল করান। এক ম্যাচেই দুই গোল ও এক অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পুরো আসরে আট গোল করে ২১ গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে টুর্নামেন্ট শেষ করেন। তার নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায়।

ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ জোড়া গোলের পর মেসির অফিসিয়াল গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯২১। একই সঙ্গে তার অ্যাসিস্টের সংখ্যা ৪১৯। এই পরিসংখ্যান তিনি গড়েছেন ৯২১ ম্যাচে। ফলে তিনি এখন ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

অন্যদিকে, তালিকার শীর্ষে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল গোলসংখ্যা ৯৭৭। তার অ্যাসিস্ট ২৬১টি। এই পরিসংখ্যান তিনি গড়েছেন ১,৩৩০ ম্যাচে।

রোনালদোর সবচেয়ে বেশি ৪৫১ গোল এসেছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। এছাড়া পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৪৬, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, আল-নাসরের হয়ে ১২৯, জুভেন্টাসের হয়ে ১০১ এবং স্পোর্টিং সিপির হয়ে ৫ গোল করেছেন তিনি।

অন্যদিকে, মেসির ৯২১ গোলের মধ্যে বার্সেলোনার হয়ে ৬৭২টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১২৪টি, ইন্টার মায়ামির হয়ে ৯৩টি এবং প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে ৩২টি।

এখন ১,০০০ অফিসিয়াল গোলের মাইলফলক ছুঁতে রোনালদোর প্রয়োজন আরও ২৩ গোল। আর মেসির প্রয়োজন ৭৯ গোল। দুই কিংবদন্তির দীর্ঘ দুই দশকের প্রতিদ্বন্দ্বিতায় এখন সবচেয়ে বড় প্রশ্ন—কে সবার আগে ছুঁবেন ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক।