০৭ আগস্ট ২০২৬, ০৭:৫৭

রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র  © সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিতেই খেলবেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

গত বুধবার ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে ক্লাব কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রিয়াল মাদ্রিদ আগের প্রস্তাবের তুলনায় আরও উন্নত আর্থিক প্রস্তাব দেয়। এরপরই দুই পক্ষের আলোচনায় অগ্রগতি হয় এবং শেষ পর্যন্ত নতুন চুক্তিতে সমঝোতায় পৌঁছায় তারা। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চললেও তা স্থবির হয়ে ছিল। এতে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের জুনে।

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, রিয়ালের আগের প্রস্তাবের মূল্য ছিল বছরে প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো (প্রায় ২ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার)। নতুন প্রস্তাব আরও উন্নত হওয়ায় আলোচনায় ইতিবাচক অগ্রগতি আসে। এর আগে ভিনিসিয়ুস তার বর্তমান চুক্তির শেষ বছরে বছরে প্রায় ১ কোটি ৭৫ লাখ ইউরো আয় করছিলেন। নতুন চুক্তির আলোচনায় তিনি বছরে প্রায় ৩ কোটি ইউরো (প্রায় ৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার) মূল্যের একটি প্যাকেজ চেয়েছিলেন।

চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, ‘রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস জুনিয়র খেলোয়াড়টির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। নতুন চুক্তির ফলে তিনি ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে থাকবেন।’

চুক্তি নিয়ে অনিশ্চয়তার সময় ভিনিসিয়ুসকে ঘিরে আর্সেনালে যোগ দেওয়ার জোর গুঞ্জন ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি তাকে দলে ভেড়াতে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। ইএসপিএনের দাবি, নতুন চুক্তি না হলে চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে বিক্রির বিষয়টি বিবেচনায় রেখেছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত সব জল্পনার ইতি টেনে মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন ভিনিসিয়ুস। এখন পর্যন্ত সাদা জার্সিতে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল করেছেন তিনি। ক্লাবটির হয়ে দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ, একটি কোপা দেল রে, তিনটি ক্লাব বিশ্বকাপ এবং দুটি উয়েফা সুপার কাপ জয়ের স্বাদ পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।