০৬ আগস্ট ২০২৬, ১৭:৫৮

নাটকের অবসান ঘটালেন দিওমান্দে

ইয়ান দিওমান্দে  © সংগৃহীত

অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। ইয়ান দিওমান্দের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সাম্প্রতিক সময়ে এই ট্রান্সফার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। গ্রীষ্মকালীন দলবদলের অন্যতম আলোচিত এই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আজ স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছেছেন আইভরি কোস্টের এই তরুণ উইঙ্গার।

চুক্তিতে সই করার আগে রিয়াল মাদ্রিদের নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন ১৯ বছর বয়সী দিওমান্দে। পরীক্ষায় উত্তীর্ণ হলে ‘রিয়াল মাদ্রিদ সিটি’তে যাবেন তিনি, যেখানে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।

বার্নাব্যু কর্তৃপক্ষ ও আরবি লাইপজিগের মধ্যে দীর্ঘদিনের জটিল আলোচনা শেষে এই সমঝোতা হয়েছে। রিয়াল মাদ্রিদের স্পোর্টিং বিভাগ দিওমান্দেকে ক্লাবের দীর্ঘমেয়াদি প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে।

জানা গেছে, প্রায় ১২০ মিলিয়ন ইউরোতে সম্পন্ন হচ্ছে এই ট্রান্সফার। এর সঙ্গে পারফরম্যান্স ও শিরোপা জয়ের ওপর নির্ভরশীল অতিরিক্ত বোনাসও যুক্ত থাকবে।

বুন্দেসলিগায় দুর্দান্ত মৌসুম কাটিয়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছিলেন দিওমান্দে। উইংয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের সহজেই পরাস্ত করার দক্ষতা, গতি এবং অল্প বয়সেই পরিণত ফুটবল বুদ্ধিমত্তা তাকে আলাদা করে তুলেছে। সবশেষে, রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপানোর প্রবল আগ্রহই এই বহুল আলোচিত চুক্তি বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে।