বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন ইতিহাস গড়লেন মেসি
ফিফা বিশ্বকাপ ফাইনালে হারার হতাশা পেছনে ফেলে দুর্দান্তভাবে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। লিগস কাপে মেক্সিকান ক্লাব সান লুইসের বিপক্ষে প্রথমবারের মতো ইন্টার মায়ামির শুরুর একাদশে নেমেই জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে দলকে ৪-২ গোলের দারুণ জয় উপহার দেন আর্জেন্টাইন এই মহাতারকা।
শুধু ম্যাচ জেতানো পারফরম্যান্সই নয়, এই ম্যাচে নতুন ইতিহাসও গড়েছেন মেসি। জোড়া গোলের সুবাদে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠেছেন তিনি। ২০২৩ সালে শুরু হওয়া টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত ১২ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এর মধ্যেই পাঁচবার জোড়া গোল করার কীর্তিও গড়েছেন তিনি। ফলে, পেছনে পড়ে গেছেন লস অ্যাঞ্জেলেস এফসির ফরোয়ার্ড দেনি বুয়াঙ্গা।
নিজেদের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি মায়ামির। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে সেই ধাক্কা দ্রুতই সামলে নেয় স্বাগতিকরা।
ম্যাচে নিজের দ্বিতীয় স্পর্শেই জাদু দেখান মেসি। নোয়া অ্যালেনের নিখুঁত ক্রস থেকে দৃষ্টিনন্দন ভলিতে সমতায় ফেরান দলকে। এরপর ২৪তম মিনিটে অ্যালেনের আরেকটি দুর্দান্ত আক্রমণ থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া।
প্রথমার্ধের শেষদিকে আবারও নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রাখেন মেসি। অ্যালেনের পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে ব্যবধান ৩-১ করেন তিনি। এরপর মেসির নেওয়া কর্নার থেকে মিকায়েলের হেডে আসে আরও একটি গোল। প্রথমার্ধ শেষ হয় মায়ামির ৪-১ গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে।
বিরতির পর সার্জিওর দূরপাল্লার দুর্দান্ত শটে একটি গোল শোধ করে সান লুইস। এ সময় ভারী বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধও ছিল। তবে বিরতির পর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি মেক্সিকান ক্লাবটি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি।