আলভারেজকে দলে পেতে ‘ট্রাম্পকার্ড’ ছাড়ল বার্সেলোনা
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে নতুন কৌশল নিয়েছে বার্সেলোনা। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই দলবদল এগিয়ে নিতে ক্লাবটির ক্রীড়া পরিচালক ডেকো সরাসরি মাদ্রিদে গিয়ে আলভারেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। কাতালান ক্লাবটির আশা, এই পদক্ষেপেই দলবদলের জট খুলতে পারে।
প্রায় এক বছর ধরে আলভারেজকে দলে নিতে চেষ্টা করছে বার্সেলোনা। তবে শুরু থেকেই আতলেতিকো মাদ্রিদ তাকে বিক্রি করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। কাতালান ক্লাবটির কর্মকর্তারা মনে করছেন, চলতি সপ্তাহেই বোঝা যাবে এই দলবদল শেষ পর্যন্ত সম্ভব হবে কি না।
বিশ্বকাপ শেষে বর্তমানে ছুটিতে রয়েছেন আলভারেজ। তবে ছুটির মধ্যেও আতলেতিকো মাদ্রিদের দেওয়া অনুশীলন সূচি মেনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি।
বার্সেলোনার সবচেয়ে বড় প্রয়োজন এখন একজন নির্ভরযোগ্য সেন্টার ফরোয়ার্ড। রবার্ট লেভানডোভস্কি যুক্তরাষ্ট্রের ক্লাব শিকাগো ফায়ারে যোগ দেওয়ার পর সেই জায়গাটি শূন্য হয়ে গেছে। অন্যদিকে ফেরান তোরেসের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তাই নতুন মৌসুম শুরুর আগেই একজন মানসম্পন্ন স্ট্রাইকার দলে নিতে চায় ক্লাবটি। সেই লক্ষ্যেই শুরু থেকে শীর্ষ পছন্দ হিসেবে রয়েছেন হুলিয়ান আলভারেজ।
তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ক্লাবটি ইতোমধ্যেই বার্সেলোনার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। একই সঙ্গে জানিয়ে দিয়েছে, আলভারেজকে দলে নিতে চাইলে ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। এত বড় অঙ্কের অর্থ খরচ করতে রাজি নয় বার্সেলোনা।
এ অবস্থায় বার্সেলোনা মনে করছে, এই দলবদলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন স্বয়ং আলভারেজ। আগামী ১০ আগস্ট আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। যদি তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে আতলেতিকো আলোচনায় বসতে বাধ্য হতে পারে বলে বিশ্বাস কাতালান ক্লাবটির।
ডেকোর মাদ্রিদ সফরের মূল উদ্দেশ্যও ছিল আলভারেজ ও তার প্রতিনিধিদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া যে, বার্সেলোনা তাকে দলে নিতে পুরোপুরি আন্তরিক এবং এখনও তাকে ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে।
তবে বার্সেলোনা যে কোনো মূল্যে এই দলবদল সম্পন্ন করতে চায় না। ক্লাবটি অতিরিক্ত অর্থ ব্যয় করবে না এবং অনির্দিষ্টকাল অপেক্ষাও করবে না। প্রধান কোচ হান্সি ফ্লিক দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন স্ট্রাইকারকে দলে চান। তাই দ্রুত এই পজিশনের সমাধান করতে চায় বার্সেলোনা।
ক্লাবটির কর্মকর্তাদের মতে, চলতি সপ্তাহই নির্ধারণ করে দেবে হুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার সম্ভাবনা কতটা। এখন পুরো বিষয়টি অনেকটাই নির্ভর করছে আতলেতিকো মাদ্রিদের অবস্থান এবং সবচেয়ে বেশি আলভারেজের নিজের সিদ্ধান্তের ওপর।