আর্জেন্টিনার তারকা ফুটবলারকে ধারে ইতালির ক্লাবে পাঠাল রিয়াল মাদ্রিদ
আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে এক মৌসুমের জন্য ইতালির ক্লাব ফিওরেন্টিনায় ধারে পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই ক্লাবের মধ্যে এ নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। নিয়মিত খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
রিভার প্লেট থেকে উঠে আসা মাস্তানতুয়োনো খুব শিগগিরই ইতালির ফ্লোরেন্সে গিয়ে ফিওরেন্টিনার সঙ্গে যোগ দেবেন। সেখানে তিনি প্রধান কোচ ফাবিও গ্রোসোর অধীনে অনুশীলন শুরু করবেন। ক্লাবটিতে তিনি আর্জেন্টিনার আরেক ফুটবলার এবং সাবেক বোকা জুনিয়র্স ডিফেন্ডার নিকোলাস ভ্যালেন্তিনির সতীর্থ হবেন।
গত শনিবার ফিওরেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে মাস্তানতুয়োনোকে রাখা হয়নি। এরপর থেকেই তার দলবদল নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, রিয়াল মাদ্রিদে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় মাস্তানতুয়োনোকে ধারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনায় তিনি আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন। নতুন মৌসুমে রিয়ালের নতুন কোচ হোসে মরিনিয়োর পরিকল্পনায়ও তিনি গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না।
গত বছরের আগস্টে রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মাস্তানতুয়োনো। সেই দলবদল ছিল আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার। তবে স্পেনে গিয়ে তিনি রিভার প্লেটে দেখানো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। নিয়মিত একাদশেও নিজের জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হন।
কোচিং স্টাফে পরিবর্তনের পরও তার ভাগ্য বদলায়নি। জাবি আলোনসোর বিদায়ের পর আলভারো আরবেলোয়া দায়িত্ব নিলেও মাস্তানতুয়োনো খুব বেশি সুযোগ পাননি। রিয়ালের জার্সিতে তিনি মোট ৩৫টি ম্যাচ খেলেছেন এবং তিনটি গোল করেছেন।
মরিনিয়োর পরিকল্পনায় তার জায়গা না হওয়ার অন্যতম কারণ, একই পজিশনে রিয়ালের একাধিক মানসম্পন্ন ফুটবলার রয়েছেন। দলে আগে থেকেই আছেন রদ্রিগো, বার্নার্দো সিলভা, ব্রাহিম দিয়াজ ও আরদা গুলার। এ ছাড়া খুব শিগগিরই দলে যোগ দিতে যাচ্ছেন আইভরি কোস্টের উদীয়মান ফুটবলার ইয়ান দিয়োমান্দে, যিনি সর্বশেষ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছেন।
মাস্তানতুয়োনোর ধারের চুক্তি এক মৌসুমের জন্য। যদিও চুক্তির আনুষ্ঠানিক শর্ত প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্রের দাবি, এতে স্থায়ীভাবে কেনার কোনো সুযোগ রাখা হয়নি। রিয়াল মাদ্রিদ চায়, ফিওরেন্টিনায় নিয়মিত খেলে মাস্তানতুয়োনো নিজের সেরা ছন্দ ফিরে পান এবং আরও অভিজ্ঞ হয়ে আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে আসুন।