০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৪

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ইন্টার মায়ামিতে জোড়া গোল করলেন মেসি

মেসির জোড়া গোল   © টিডিসি ছবি

২০২৬ লিগস কাপের উদ্বোধনী ম্যাচে দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক জোড়া গোল করে ইন্টার মায়ামিকে দারুণ এক জয় এনে দেন। একই সঙ্গে ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর এটিই ছিল তার প্রথম গোল।

ম্যাচের ১১ মিনিটে মেসির প্রথম গোলটি আসে। বক্সের ভেতরে ভেসে আসা একটি দারুণ ক্রস ঠিক সময়মতো নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। এতে ম্যাচের স্কোর হয় ১-১।

এরপর ৪৪ মিনিটে আবারও গোল করেন মেসি। সতীর্থের বাড়ানো নিখুঁত পাস পেয়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে শান্তভাবে বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হারের পর এটিই ছিল মেসির প্রথম গোল।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন মেসি। পুরো টুর্নামেন্টে তিনি ৮ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন।

বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে।

এদিকে, ২০২৩ সালে লিগস কাপের শিরোপা জয়ের পর ২০২৫ সালে রানার্সআপ হওয়া ইন্টার মায়ামি এবার দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। আর মেসির দুর্দান্ত নৈপুণ্যে টুর্নামেন্টের শুরুতেই গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।