নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর লড়াইয়ে রেমোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের ম্যাচ-পরবর্তী আচরণ। প্রতিপক্ষকে খোঁচা দিয়ে উদযাপন করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। রেমো সভাপতি অ্যান্তোনিও কার্লোস টেক্সেইরা তার আচরণকে ‘উসকানিমূলক’ উল্লেখ করে ‘জোকার’ বলেও মন্তব্য করেছেন। খবর গোল ডটকমের।
মাঙ্গেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলের জয় পায় সান্তোস। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা নেইমার ৭৪তম মিনিটে রনি রুস্তিকোর জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন। দুই লেগ মিলিয়ে এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সান্তোস।
তবে ম্যাচ শেষে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। পুরো ম্যাচজুড়ে রেমো সমর্থকদের কটূক্তির শিকার হওয়া নেইমার ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারির দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন। পরে মিক্সড জোনে প্রতিপক্ষের কর্মকর্তা ও সমর্থকদের সামনে নাচতে নাচতে বারবার ‘তোমরা বাদ পড়েছ’ বলে উল্লাস প্রকাশ করেন।
নেইমারের এই আচরণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেমোর কয়েকজন কর্মকর্তা ও সমর্থক তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কিছু সমর্থক ব্যারিকেড অতিক্রম করে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্টেডিয়াম ছাড়ার সময়ও নেইমারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল সমর্থক।
ম্যাচ শেষে ব্রাজিলের গণমাধ্যম ও ফ্লুক্সোকে দেওয়া প্রতিক্রিয়ায় রেমো সভাপতি অ্যান্তোনিও কার্লোস টেক্সেইরা নেইমারের আচরণের তীব্র সমালোচনা করেন। তার মতে, একজন তারকা ফুটবলারের কাছ থেকে এমন উসকানিমূলক আচরণ প্রত্যাশিত নয়। নেইমারকে ‘জোকার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘প্রতিপক্ষের সমর্থকদের উসকে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি শিশু-কিশোরদের সামনে এমন ব্যক্তিদের আদর্শ হিসেবে তুলে ধরার প্রবণতাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।’
এদিকে সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার। ক্লাব ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন, সান্তোসের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ করার পরই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।