বিশ্বকাপে রূপকথা গড়া কেপ ভার্দের কোচ এবার মরক্কোর ক্লাবে
২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দেকে ইতিহাসের সেরা সাফল্য এনে দেওয়া কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ‘বুবিস্তা’ নামে বেশি পরিচিত, এবার মরক্কোর ক্লাব আরএস বারকানের দায়িত্ব নিয়েছেন। ক্লাবটি তাকে ২০২৮ সাল পর্যন্ত প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের বাইরে কোচিং করাতে যাচ্ছেন তিনি।
বিশ্বকাপে কেপ ভার্দের দারুণ পারফরম্যান্সের পরই বুবিস্তার সামনে বিদেশে কাজ করার সুযোগ আসে। মরক্কোর অন্যতম সফল ক্লাব আরএস বারকানে এখন তার নতুন ঠিকানা। নতুন দায়িত্বে জাতীয় দলের সাফল্যের ধারাবাহিকতা ক্লাব ফুটবলেও ধরে রাখার লক্ষ্য থাকবে তার।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েই সবাইকে চমকে দেয় কেপ ভার্দে। নিজেদের প্রথম ম্যাচে তারা গোলশূন্য ড্র করে স্পেনের বিপক্ষে। পরে সেই স্পেনই বিশ্বকাপের শিরোপা জেতে।
এরপর উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও ড্র করে কেপ ভার্দে। টানা তিনটি ড্রয়ে তারা শেষ-৩২ নিশ্চিত করে এবং দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য অর্জন করে।
তবে তাদের স্বপ্নের যাত্রা থামে আর্জেন্টিনার বিপক্ষে। রোমাঞ্চকর সেই ম্যাচে নির্ধারিত সময়ে সমতা থাকলেও অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। কেপ ভার্দেকে হারাতে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল।
ম্যাচটির আগে বুবিস্তা ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি স্মারক পেন্যান্ট বিনিময় করেন এবং একে অপরকে আলিঙ্গন করেন। সেই দৃশ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়ায়।
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে বুবিস্তা কেপ ভার্দের মিন্দেলেন্সে, আকাদেমিকা দো মিনদেলো, স্পোর্টিং দে প্রাইয়া ও বাতুকে ক্লাবের কোচ ছিলেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি পরিচিতি পান কেপ ভার্দে জাতীয় দল ‘ব্লু শার্কস’-এর দায়িত্ব নিয়ে।
আরএস বারকানে গত মৌসুমে মরক্কোর লিগে রানার্সআপ হয়েছিল। ক্লাবটি সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর লিগ শিরোপার পাশাপাশি আফ্রিকার বিভিন্ন প্রতিযোগিতাতেও একাধিক ট্রফি জিতেছে। তাই নতুন দায়িত্বে বুবিস্তার সামনে থাকবে ক্লাবটির সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার বড় চ্যালেঞ্জ।