কলকাতায় ১৩৮ নম্বর র্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলবে ব্রাজিল, সাবেক ভারতীয় অধিনায়কের কটাক্ষ
আগামী ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে ভারত। ম্যাচটি ঘিরে দেশটির ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। তার মতে, ভারতের বর্তমান ফুটবল পরিস্থিতিতে এমন একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেয়ে জাতীয় দলের উন্নয়নেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।
চলতি বছরের শেষ দিকে কলকাতার ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে ব্রাজিল ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ইতোমধ্যেই ম্যাচটির বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৫ নম্বরে, আর ভারত রয়েছে ১৩৮ নম্বরে। দুই দলের শক্তি ও সামর্থ্যের বিশাল পার্থক্যের কারণে এই ম্যাচ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি ফুটবলার ও সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া।
তার মতে, ব্রাজিলের মতো তারকাসমৃদ্ধ দলকে ভারতে আনার পেছনে মূল উদ্দেশ্য রাজস্ব আয় ও দর্শকদের আকর্ষণ করা হলেও, বর্তমান বাস্তবতায় এটি ভারতীয় ফুটবলের জন্য খুব বেশি ইতিবাচক ফল বয়ে আনবে না।
বাইচুং বলেন, ‘আমি বলছি না যে ব্রাজিলের ভারতে আসা উচিত নয়। কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে অবস্থা, এই ম্যাচ থেকে আমরা আসলে কী অর্জন করতে চাইছি? জামশেদপুর এফসি লিগ থেকে বাদ পড়েছে, আমাদের ক্লাবগুলো এশিয়ান প্রতিযোগিতায় খেলছে না, আর ফিফা র্যাঙ্কিংয়েও আমরা প্রায় ১৪০-এর ঘরে।’
তিনি ম্যাচের সূচি নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ফিফা এশিয়ান কাপের সূচি রয়েছে। সেই সময়ের মধ্যেই ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজন করা হয়েছে।
এ নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘তারিখটার দিকে তাকান। আমার মনে হয় এটি পরিবর্তন করা উচিত। কারণ ওই সময় জাতীয় দল যদি ফিফা এশিয়ান কাপে ব্যস্ত থাকে, তাহলে কি ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলানো হবে?’
ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে বাইচুং আরও বলেন, ‘এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দেশের ফুটবলকে নতুন করে গড়ে তোলা। এই অবস্থায় ব্রাজিলের মতো দলের বিপক্ষে ম্যাচ আয়োজন অনেকটা এমন, যে একটি পরিবার ঠিকমতো দুবেলা খেতে পারে না, কিন্তু ছেলের বিয়েতে শাহরুখ খানকে এনে নাচানোর আয়োজন করছে।’
তবে সমালোচনার মাঝেও ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচকে ঘিরে ভারতের ফুটবলপ্রেমীদের আগ্রহ কমেনি। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতায় খেলেছিলেন। প্রায় পাঁচ দশক পর আবারও ব্রাজিলের মূল দলকে কলকাতার মাঠে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।
এই ম্যাচটি হবে ভারত ও ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ইতিহাসে প্রথম মুখোমুখি লড়াই। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দলের বিপক্ষে মাঠে নামার সুযোগ ভারতীয় ফুটবলারদের জন্য যেমন বড় অভিজ্ঞতা হবে, তেমনি দেশটির ফুটবলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নতুন করে আলোচনা শুরু করেছে।