২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানোর সম্ভাবনা যাচাইয়ে ফিফা
বিশ্বকাপের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দলের নতুন সংস্করণ চালুর পর এবার ২০৩০ সালের শতবর্ষের বিশ্বকাপে ৬৪টি দল অংশ নেওয়ার সম্ভাবনা যাচাই করতে একটি স্বাধীন সংস্থাকে দিয়ে গবেষণা করানোর উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি নথি অনুযায়ী, ৪৮ থেকে ৬৪ দলে বিশ্বকাপ সম্প্রসারণ করলে টুর্নামেন্টের মান, বাণিজ্যিক সম্ভাবনা এবং পরিচালনাগত কাঠামোর ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা বিশ্লেষণ করবে ওই গবেষণা।
এর আগে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়। নতুন কাঠামোয় গ্রুপ ও নকআউট পর্বের পরিধিও বৃদ্ধি পেয়েছে। সেই পরিবর্তনের পর এবার বিশ্বকাপকে আরও সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনায় নিচ্ছে ফিফা।
মূলত দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল গত বছর ২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের প্রস্তাব দেয়। তাদের যুক্তি ছিল, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আরও বেশি দেশকে এই ঐতিহাসিক আসরে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
ফিফার নথিতে বলা হয়েছে, স্বাধীন গবেষণা সংস্থা মূল্যায়ন করবে ২০৩০ সাল থেকে ৬৪ দলের বিশ্বকাপ বাস্তবায়নযোগ্য কি না এবং এতে প্রতিযোগিতার ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে।
গবেষণায় সম্ভাব্য আর্থিক লাভের পাশাপাশি প্রতিযোগিতার মান, আন্তর্জাতিক ম্যাচ সূচির চাপ, আয়োজক দেশগুলোর অবকাঠামোগত সক্ষমতা এবং বাজারগত প্রভাবও বিশ্লেষণ করা হবে। একই সঙ্গে অতিরিক্ত আর্থিক মূল্য দীর্ঘমেয়াদে টেকসই হবে কি না, সেটিও মূল্যায়নের আওতায় থাকবে।
এদিকে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের একটি নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা নিয়েও সমালোচনার মুখে রয়েছে ফিফা। এই পরিকল্পনার প্রতিবাদে উয়েফা ফিফার কিছু প্রতিযোগিতা বয়কটের ঘোষণা দিয়েছে, ফলে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
ফিফা জানিয়েছে, গবেষণার দায়িত্বপ্রাপ্ত সংস্থার নাম ১৪ আগস্ট চূড়ান্ত করা হবে। নির্বাচিত প্রতিষ্ঠানকে চার সপ্তাহের মধ্যে, অর্থাৎ ১১ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে।
উল্লেখ্য, ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। এছাড়া বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।