বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড
বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।
২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচ খেলেছেন রাশফোর্ড। এই সময়ে তিনি ১৪টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও ১৪টি গোল করিয়েছেন। আক্রমণভাগে তার ধারাবাহিক পারফরম্যান্স লা লিগার শিরোপা পুনরুদ্ধারে বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তবে ভালো পারফরম্যান্সের পরও রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে রাখার সিদ্ধান্ত নেয়নি বার্সেলোনা। তার বদলে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে দলে ভিড়িয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
স্পেন ছাড়ার আগে ইনস্টাগ্রামে বার্সেলোনাকে ধন্যবাদ জানিয়ে রাশফোর্ড লেখেন, ‘এখানে আমার সময়টাকে এত ইতিবাচক এবং স্মরণীয় করে তোলার জন্য আমি ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং অনেক বিশেষ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।’
রাশফোর্ডের বিদায়ী বার্তার জবাব দিয়েছে বার্সেলোনাও। ক্লাবটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সব সময় আমাদেরই একজন হয়ে থাকবে।’
২০২৪ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন রাশফোর্ড। এরপর মৌসুমের শেষ ভাগ ধারে কাটান অ্যাস্টন ভিলায়। পরে ২০২৫-২৬ মৌসুমের জন্য ধারে যোগ দেন বার্সেলোনায়।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রাশফোর্ডের বর্তমান চুক্তির এখনও দুই বছর বাকি রয়েছে। তবে তিনি শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডেই থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে খুব শিগগিরই ইউনাইটেডের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বর্তমানে ক্লাবটির দায়িত্বে আছেন রাশফোর্ডের সাবেক সতীর্থ মাইকেল ক্যারিক। তার অধীনেই রাশফোর্ড নতুন করে ইউনাইটেড অধ্যায় শুরু করতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে শেষ পর্যন্ত তার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।