৩১ জুলাই ২০২৬, ০৮:৫২

ইকুয়েডরের সঙ্গে ড্র করল আর্জেন্টিনা

কিকি রামোস   © সংগৃহীত

কাতারে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতির পর স্টিফেন ‘কিকি’ রামোসের গোলে সমতায় ফেরে দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা।

বৃহস্পতিবার সকালে আটলান্টার লেওন কোলবোভস্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর কাতারে বসবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখেই দুই দল নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেয়।

এর আগে গত সপ্তাহে লানুসের নেস্তর দিয়াজ পেরেস স্টেডিয়ামে একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করেছিলেন বেঞ্জামিন ভালেখো ও ফাকুন্দো সালিনা।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয় ভিলা ক্রেসপোতে, দর্শকশূন্য মাঠে। প্রথমার্ধে এগিয়ে যায় ইকুয়েডর। তবে বিরতির পর ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে খেলা হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন ‘কিকি’ রামোস গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন গোলরক্ষক থিয়াগো প্রাগা। রক্ষণভাগে খেলেছেন আইরটন মুনিয়োস, বাউতিস্তা এসপিনদোলা, হুলিও কোরিয়া ও বাউতিস্তা রোলদান।

মাঝমাঠে ছিলেন মাতেও মাচুকা, ইগনাসিও মোরোনি ও ম্যাক্সিমো কনত্রেরাস। আর আক্রমণভাগে খেলেছেন স্টিফেন ‘কিকি’ রামোস, সান্তিনো হিয়াকোপেত্তি এবং এরিক ফ্লোরেন্তিন।