নেইমারের পর জাতীয় দল থেকে বিদায় নিলেন আরও দুই তারকা ফুটবলার
বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরও বড় পরিবর্তনের পথে হাঁটছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। নেইমারের অবসরের ঘোষণার পর এবার প্রধান কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, অভিজ্ঞ দুই তারকা কাসেমিরো ও দানিলোও আর সেলেসাওর জার্সিতে খেলবেন না।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী ইতালিয়ান কোচ বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটিয়েছে। নেইমারের পাশাপাশি দানিলো ও কাসেমিরো—যারা বিশ্বকাপের সময় ৩০ বছরের বেশি বয়সী ছিল—তাদের অধ্যায়ও এখানেই শেষ।’
বর্তমানে ৩৪ বছর বয়সী কাসেমিরো শিগগিরই লিওনেল মেসির সতীর্থ হিসেবে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন। অন্যদিকে ৩৫ বছর বয়সী দানিলো খেলছেন ফ্লামেঙ্গোর হয়ে। সর্বশেষ বিশ্বকাপে দুজনই ব্রাজিলের পাঁচটি ম্যাচেই মাঠে নেমেছিলেন। জাতীয় দলের হয়ে কাসেমিরো খেলেছেন ৯১টি এবং দানিলো ৭৫টি ম্যাচ। তবে ভবিষ্যতের পরিকল্পনায় বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের আর রাখা হচ্ছে না বলে জানিয়েছেন আনচেলত্তি।
এর আগে গত মঙ্গলবার কোপা সুদামেরিকানায় সান্তোসের জয়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার।
নেইমার বলেছিলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। এই জার্সির জন্য আমি আমার রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর আমি এটা করতে চাই না।’
আনচেলত্তি জানিয়েছেন, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে মিলে তিনি নতুন প্রজন্মের দল গঠনের কাজ শুরু করেছেন।
তিনি বলেন, ‘আমরা নতুন খেলোয়াড় খুঁজব, যারা দলে যোগ দিতে পারবে। আমি এখনই ২০৩০ বিশ্বকাপের কথা বলছি না। আমাদের প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকা। সেই লক্ষ্য সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে—এমন ফুটবলারদেরই আমরা দলে আনতে চাই।’
তবে সব অভিজ্ঞ ফুটবলারকে একসঙ্গে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ব্রাজিল কোচ।
আনচেলত্তি বলেন, ‘আমি বলছি না যে বর্তমান ২৬ জনের সবাইকে বদলে ফেলব। কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারকে আমরা অবশ্যই রাখব, যারা আমাদের পরিকল্পনায় ভূমিকা রাখতে পারবে। উদাহরণ হিসেবে মারকিনিওসের কথা বলা যায়।’
নতুনভাবে গড়া ব্রাজিল দলের প্রথম পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের প্রীতি ম্যাচগুলোতে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে সেলেসাও। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।