৩০ জুলাই ২০২৬, ১১:৪০

দেয়াল ধসে প্রাণ হারালেন ব্রাজিলের সাবেক ফুটবলার

ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস   © সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে নিহত হয়েছেন সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস। মর্মান্তিক এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও প্রাণ হারিয়েছেন।

বুধবার রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাসিও সেখানে অবস্থিত ‘মানসাও আলভিতে’ নামের একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন। ঘটনার সময় প্রবল দমকা বাতাসে ফুটপাতের পাশে থাকা একটি ভারী দেয়াল হঠাৎ ভেঙে পথচারী ও পার্ক করে রাখা গাড়ির ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাসিও ও তার সহকর্মী ভান্দ্রে করদেইরোর মৃত্যু হয়।

৪১ বছর বয়সী তাসিও মায়া দেস সান্তোস ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত পেশাদার ফুটবল খেলেছেন। সাউ ক্রিস্টোভাও ক্লাব থেকে তার ক্যারিয়ার শুরু হয়। পরে ২০১৫ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে তিনি পরিচিতি পান।

বোটাফোগোর জার্সিতে তিনি ৬টি ম্যাচ খেলেন এবং একটি গোল করেন। এরপর বিভিন্ন ক্লাবে খেলার পর ২০১৯ সালে ফেরোভিয়ারিও ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে ইতি টানেন।

সাবেক এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় ক্লাবটি তাসিওর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।