ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি, মাঠে নামবেন কবে?
পরিবারের সঙ্গে নিজ শহর রোজারিওতে কয়েকদিনের ছুটি কাটিয়ে আবারও ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা কাটিয়ে নতুন উদ্যমে দলের সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ আগস্ট অ্যাতলেতিকো সান লুইসের বিপক্ষে লিগস কাপের ম্যাচে তাকে আবারও মাঠে দেখা যেতে পারে।
পরিবারের সঙ্গে আর্জেন্টিনার রোজারিওতে কয়েকদিন বিশ্রাম কাটানোর পর বুধবার ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দেন মেসি। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মানসিকভাবে সতেজ হতে এই বিরতি নিয়েছিলেন তিনি।
মেসির ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ক্লাবটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খেলোয়াড়দের অনুশীলন মাঠে প্রবেশের কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ‘আজ আগমনগুলো যেন একটু ভিন্ন অনুভূতি নিয়ে এলো।’
ছবিতে মেসিকে বেশ স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল দেখা যায়। এক হাতে ছিল তার পরিচিত মাতে পানীয়, অন্য হাতে ছিল সোনালি রঙের একটি থার্মোস এবং কাঁধে ছিল বুটের ব্যাগ। পরে ক্লাবটি একটি ভিডিওও প্রকাশ করে, যেখানে মেসির নেতৃত্বে খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
বিশ্বকাপ শেষ হওয়ার পর ইন্টার মায়ামি ইতোমধ্যে নতুন মৌসুমের প্রতিযোগিতায় নেমে পড়েছে। মেজর লিগ সকারে (এমএলএস) তারা শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লকে হারিয়েছে। আগামী শনিবার লিগের শেষ ষোলোর ম্যাচে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে দলটি। ধারণা করা হচ্ছে, সেই ম্যাচে মেসি মাঠে নামবেন না; বরং গ্যালারি থেকেই খেলা দেখবেন।
তবে মাঠে ফেরার সম্ভাব্য দিন খুব বেশি দূরে নয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বুধবার, ৫ আগস্ট লিগস কাপে অ্যাতলেতিকো সান লুইসের বিপক্ষে ম্যাচে মেসিকে আবারও খেলতে দেখা যেতে পারে। এই প্রতিযোগিতার সঙ্গে তার বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। উত্তর আমেরিকায় যোগ দেওয়ার পর ইন্টার মায়ামির হয়ে প্রথম শিরোপা তিনি জিতেছিলেন এই লিগস কাপেই।
এদিকে ইন্টার মায়ামির ব্যস্ততার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অল-স্টার ম্যাচেও খেলার জন্য মনোনীত হয়েছিলেন মেসি। এই ঐতিহ্যবাহী ম্যাচে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকান লিগের সেরা খেলোয়াড়রা মুখোমুখি হন।
তবে বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলার কারণে মেসিকে এই ম্যাচে অংশ নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে তাই তাকে খেলতে হচ্ছে না।
মেসির মতো তার সতীর্থ রদ্রিগো ডি পলও বিশ্বকাপ শেষে কয়েকদিন বিশ্রাম নেওয়ার বিষয়ে আগেই ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছিলেন। তাই অল-স্টার ম্যাচে না খেললেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। গত বছরের মতো এবার আর এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না। গত বছর অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় মেসিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছিল।