৩০ জুলাই ২০২৬, ০৭:৩৮

আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

নেইমার   © সংগৃহীত

ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকা ফুটবলার। স্প্যানিশ দৈনিক স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরে প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ফ্যাব্রিজিও রোমানো লেখেন, ‘অফিসিয়াল: নেইমার যুগ শেষ।’

স্প্যানিশ দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘সবাইকে ধন্যবাদ। লুকাস মোরার কথার জন্যও আমি কৃতজ্ঞ। কিন্তু না, আমি আর জাতীয় দলে খেলব না। আমি বিশ্বাস করি, এই দলের হয়ে আমি ইতিহাস গড়েছি। এখানে আমি খুব সুখী ছিলাম, অসংখ্য অভিজ্ঞতা অর্জন করেছি। সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং এই জার্সির জন্য লড়েছি। কিন্তু আমার মনে হয়, এখন আর জাতীয় দলে খেলে যাওয়ার ইচ্ছা নেই।’

এর আগে নেইমার আরও বলেছিলেন, ‘সেলেশনের সাথে আমার মুহূর্ত শেষ হয়ে গেছে, এটা শেষ... আমি সেখানে ইতিহাস রচনা করেছি, আমি খুব খুশি, আমি সেখানে অনেক কিছু করেছি। আমি সেখানে রক্তপাত করেছি, আমি আমার জীবন দিয়েছি যেমন আমি সবসময় হলুদ শার্টের জন্য লড়াই করেছি কিন্তু আমি মনে করি না যে আমি এটি আর চাই।’

নেইমারের এই ঘোষণার মধ্য দিয়ে ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে তার খেলার সম্ভাবনারও অবসান ঘটল। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।

ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপ—২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ আসরে খেলেছেন নেইমার। জাতীয় দলের জার্সিতে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে।