স্বপ্ন পূরণ হলো জিনেদিন জিদানের
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান। দেশটির ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে আগামী চার বছরের জন্য ফ্রান্সের দায়িত্ব নেবেন জিদান। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকবে তার চুক্তির মেয়াদ।
জিদানের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দিয়ালো বলেন, ‘খুব দ্রুত আমরা প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছেছি। ফেডারেশনের নির্বাহী কমিটির সঙ্গে আলোচনা শেষে আনন্দের সঙ্গে জানাচ্ছি, জিনেদিন জিদান আগামী চার বছরের জন্য ফ্রান্স জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন।’
আগামী ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে জিদানের চুক্তি। তার কোচিং স্টাফের পূর্ণ তালিকা সেপ্টেম্বরের শুরুতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি।
ফ্রান্সের অন্যতম সেরা কিংবদন্তির হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দিতে পেরে উচ্ছ্বসিত দিয়ালো। তিনি বলেন, ‘আমি ফ্রান্স জাতীয় দলের নেতৃত্ব তুলে দিচ্ছি আমাদের ইতিহাসের অন্যতম সেরা একজনের হাতে। খেলোয়াড় হিসেবে তিনি যেমন অসাধারণ ছিলেন, কোচ হিসেবেও নিজের প্রতিভা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এটি ফরাসি ফুটবলের নতুন যুগের শুরু।’
দিদিয়ের দেশমের দীর্ঘ অধ্যায়েরও প্রশংসা করেছেন দিয়ালো। ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর দেশম দলটিকে বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে গেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘১৪ বছর ধরে তিনি ফ্রান্স জাতীয় দলকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করেছেন এবং সাফল্যের ধারায় ফিরিয়েছেন।’
জিদানের সঙ্গে আলোচনার পেছনের গল্পও জানান দিয়ালো। ২০২৫ সালের জানুয়ারিতে দেশম দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানানোর পর নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেন তিনি। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার জিদানের সঙ্গে বৈঠক হয়। কয়েক দফা আলোচনার পর দুই পক্ষের আগ্রহেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
দিয়ালো বলেন, ‘জিনেদিন ফ্রেঞ্চ ফুটবলের একজন কিংবদন্তি। বহু বছর ধরেই তিনি বলে আসছিলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তার একটি স্বপ্ন।’
খেলোয়াড় হিসেবে জিদান ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জিতেছেন। কোচ হিসেবেও তিনি সফল—স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।
আগামী অক্টোবরে উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের হয়ে প্রথম অফিসিয়াল ম্যাচে ডাগআউটে দেখা যেতে পারে ৫৪ বছর বয়সী জিদানকে। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ—কোচ হিসেবে নিজের দেশকে আবারও বিশ্বসেরার মঞ্চে নেতৃত্ব দেওয়া।