২৭ জুলাই ২০২৬, ১৭:৫৭

অভিনয় জগতে নাম লেখালেন রোনালদো

পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো  © সংগৃহীত

ফুটবল মাঠের অসামান্য সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত নাট্যধর্মী সিরিজ ‘দ্য আর্লি ডেজ’-এ অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন তিনি। ইতোমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী, এই সিরিজে রোনালদোর সঙ্গে যুক্ত হচ্ছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফরোয়ার্ড থিয়েরি অঁরি। এই প্রকল্পে বিশ্বমানের তারকাদের উপস্থিতি ও যুক্ত থাকা ব্যক্তিত্বদের মর্যাদার কারণে সিরিজটির সম্প্রচার স্বত্ব পেতে বিভিন্ন গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজটির মূল কাহিনি আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটন-কে ঘিরে, যে চরিত্রে অভিনয় করছেন হোমল্যান্ড ও বিলিয়নস খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস। গল্পটির ধারণা তৈরি করেছেন বাস্তব জীবনের প্রভাবশালী ফুটবল এজেন্ট ড্যারেন ডিন, যিনি অরির এজেন্ট এবং সিরিজটির অন্যতম নির্বাহী প্রযোজক।

সিরিজটি প্রযোজনা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ইউআর মার্ভ স্টুডিওস’। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন রোনালদো। সিরিজে অভিনয়ের তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ র‍্যাপার ডেভ ও নবাগত অভিনেত্রী কার্লোটা বেনেট। সম্প্রতি লন্ডনের উত্তর-পশ্চিমে বারনেট এফসির মাঠে সিরিজের শুটিং চলাকালে কাজের প্রথম দিনেই ক্যামেরা বন্দি হয়েছেন থিয়েরি অঁরি।

চলতি বছরের শুরুতে যৌথ প্রযোজনা প্রতিষ্ঠানটি গড়ে তোলার সময় পরিচালক ম্যাথিউ ভন বলেছিলেন, ‘রোনালদো ফুটবল মাঠে এমন সব অবিশ্বাস্য গল্প তৈরি করেছেন, যা আমি লিখে প্রকাশ করতে পারতাম না। তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক চলচ্চিত্র নির্মাণের অপেক্ষায় আছি।’

অভিনয় ও ড্রামা প্রযোজনায় নাম লেখানো প্রসঙ্গে ৪১ বছর বয়সী তারকা রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের অত্যন্ত রোমাঞ্চকর একটি নতুন অধ্যায়। নতুন নতুন বিজনেস ও উদ্যোগের জন্য আমি মুখিয়ে আছি।’