২৭ জুলাই ২০২৬, ১৭:৫৩

এক গোলেই আলোচনায় তনকারা, বার্সায় নতুন তারকার আগমন?

বার্সেলোনা দল   © সংগৃহীত

বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতিতে সবচেয়ে আলোচিত তরুণদের একজন হয়ে উঠেছেন ইব্রাহিমা তনকারা। গাম্বিয়ান বংশোদ্ভূত স্পেনের এই মিডফিল্ডারের বয়স এখনো ১৬ বছর পূর্ণ হয়নি। এরই মাঝে হ্যান্সি ফ্লিকের প্রাক-মৌসুম দলে  গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। মূলত তাকে ক্লাবের রিজার্ভ টিমে পাঠানোর কথা থাকলেও, তার পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে যে তিনি হয়তো মূল দলেই থেকে যাচ্ছেন।

কাতালান সংবাদমাধ্যম স্পোর্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রাক-মৌসুমের শুরুতেই একদল তরুণ ফুটবলারের সঙ্গে তনকারাকে মূল দলে ডাকার ব্যাপারে কোনো দ্বিধা করেননি কোচ হ্যান্সি ফ্লিক। সেখানে নিজের অসাধারণ শারীরিক গঠন, দারুণ টেকনিক্যাল দক্ষতা এবং শারীরিক শক্তির মাধ্যমে সবাইকে চমকে দিয়েছেন এই কিশোর। মূল দলের অনেক সিনিয়র খেলোয়াড়ও তার সাথে প্রথমবার অনুশীলন করে তার খেলার মানে মুগ্ধ ও বিস্মিত হয়েছেন।

গত শুক্রবার সিই ইউরোপার বিপক্ষে বার্সেলোনার প্রাক-মৌসুমের প্রথম প্রীতি ম্যাচে ৪-১ গোলের জয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তনকারা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যেই আলেক্স গনজালেসের পাস ধরে প্রতিপক্ষের কড়া মার্কিং ভেঙে দারুণ এক গোল করেন তিনি। এই গোলই প্রমাণ করে দেয় অনুশীলনে দেখানো পারফরম্যান্স কাকতালীয় ছিল না।

যদিও মৌসুমের শুরুতে তার বার্সেলোনা অ্যাথলেটিক (রিজার্ভ দল) থেকে খেলার কথা, তবে প্রাক-মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে মূল দলে থেকে যাওয়ার সম্ভাবনাও জোরালো হচ্ছে। রোনাল্ড আরাউহো, আলেহান্দ্রো বাল্দে ও ফেরমিনের চোট, পাশাপাশি মার্ক-আন্দ্রে টের স্টেগেনের আয়াক্সে ধারে যাওয়ার সম্ভাবনা প্রথম দলে নতুন সুযোগ তৈরি করেছে।

এদিকে ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। ২০২৬ বিশ্বকাপ শেষে স্পেনের আন্তর্জাতিক খেলোয়াড়দের পাশাপাশি জুল কুন্দে ও গর্ডন এখনো ছুটিতে থাকায় ফ্লিক তার সঙ্গে শুরু থেকেই থাকা খেলোয়াড়দের নিয়েই সফরে যাচ্ছেন। এই সফরজুড়েই তনকারার পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন জার্মান এই কোচ।

অভিজ্ঞতার দিক থেকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে তনকারাকে। তবে অল্প বয়সেই তার শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস এবং টেকনিক্যাল মান তাকে সমবয়সীদের চেয়ে অনেক এগিয়ে রেখেছে। লা মাসিয়া অ্যাকাডেমির এই নতুন বিস্ময় বালককে নিয়ে বার্সেলোনা যে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে, তা বলার অপেক্ষা রাখে না।