২৬ জুলাই ২০২৬, ১৩:৫৩

ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকের দ্বারপ্রান্তে আরেক বাংলাদেশি বংশোদ্ভুত তারকা

ফারহান আলী   © সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারের অভিষেকের অপেক্ষা এখন সময়ের ব্যাপার। ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি করা তরুণ স্ট্রাইকার ফারহান আলী ওয়াহিদ প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে প্রথমবারের মতো মূল দলের জার্সিতে মাঠে নেমেছেন। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে খেলার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

শনিবার নরউইচ সিটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফুলহ্যামের হয়ে ৪৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফারহান। এটাই ছিল মূল দলের হয়ে তার প্রথম ম্যাচ। যদিও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি। ম্যাচটিও ২-০ গোলে হেরে যায় ফুলহ্যাম।

প্রাক-মৌসুমের এই ধরনের ম্যাচ সাধারণত টেলিভিশনে সম্প্রচার করা হয় না এবং বিস্তারিত পরিসংখ্যানও প্রকাশ করা হয় না। ফলে ফারহানের পুরো পারফরম্যান্স মূল্যায়নের সুযোগ সীমিত। তবে ফুলহ্যামের ওয়েবসাইট জানিয়েছে, ম্যাচে তার নেওয়া একটি দারুণ বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষককে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল।

মূল দলে সুযোগ পাওয়ার পেছনে রয়েছে বয়সভিত্তিক দলে তার ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্স। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে নজরকাড়া ফুটবল খেলেছেন ফারহান। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে নভেম্বরে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। মৌসুম শেষে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন এই তরুণ।

বাঁ প্রান্ত দিয়ে গতিময় দৌড়, প্রতিপক্ষকে কাটিয়ে ভেতরে ঢুকে শট নেওয়ার দক্ষতা এবং ভয়ডরহীন আক্রমণাত্মক ফুটবলের জন্য ইতোমধ্যেই ইংল্যান্ডের বয়সভিত্তিক ফুটবলে পরিচিত মুখ হয়ে উঠেছেন ফারহান।

ফারহান আলী ওয়াহিদের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে। তবে তার বাবা ও মা—দুজনেরই জন্ম যুক্তরাজ্যে। ফারহান নিজেও ২০০৬ সালের ৯ ডিসেম্বর যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন। শৈশবে চেলসির একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হলেও ২০১৯ সালে তিনি ফুলহ্যামের একাডেমিতে যোগ দেন। এরপর ধাপে ধাপে নিজেকে গড়ে তুলে এখন মূল দলে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছেন।

জাতীয় দল নিয়েও তাকে ঘিরে আগ্রহ রয়েছে। জন্মসূত্রে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে।

গত মে মাসে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন, সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে ফারহানকে দলে পাওয়ার লক্ষ্যে তার বাংলাদেশি পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের জন্যও তাকে জাতীয় দলের সম্ভাব্য পরিকল্পনায় রাখা হয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, হামজা চৌধুরীর পর ফারহান আলী ওয়াহিদই হতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতেও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা দিন দিন আরও জোরালো হচ্ছে।