২৬ জুলাই ২০২৬, ১১:১০

ফাইনালে হারের পর প্রথমবার জনসমক্ষে মেসি, চমকে দিলেন সবাইকে

মেসি ও তার ছেলে   © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। তবে সংবাদ সম্মেলন, অনুশীলন কিংবা ইন্টার মায়ামির ম্যাচে নয়, ছেলে মাতেওকে সঙ্গে নিয়ে নিজ শহর রোসারিওর একটি স্থানীয় ফুটবল ম্যাচে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা কত দূর যেতে পারবে, তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। কিন্তু টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন সমর্থকরা। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেন লিওনেল মেসি। গুরুত্বপূর্ণ সময়ে গোল ও অ্যাসিস্ট করে তিনি দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন।

তবে টুর্নামেন্টজুড়ে একের পর এক কঠিন ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার ফুটবলারদের ওপর শারীরিক ধকল পড়ে। সেই ক্লান্তির প্রভাব দেখা যায় ফাইনালেও। স্পেনের বিপক্ষে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি আর্জেন্টিনা। মেসিও তার পরিচিত জাদু দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ফাইনালের শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। সেই দৃশ্যই বলে দিয়েছিল, পরাজয়টি তাকে কতটা গভীরভাবে নাড়া দিয়েছে।

ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও অনেকটা দূরে ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচ শেষে তিনি মাত্র একটি পোস্ট করেছিলেন। এরপর সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনায় ফেরার বিমানে না উঠলেও কিছু সময় পর নিজ শহর রোসারিওতে পৌঁছে যান।

এরপর থেকেই সমর্থকদের কৌতূহল ছিল, বিশ্বকাপের হতাশার পর মেসি কী করছেন। তবে তিনি নিজেকে আড়ালেই রেখেছিলেন। পরিবারকে সময় দেওয়া এবং শারীরিক ও মানসিকভাবে নিজেকে নতুন করে প্রস্তুত করাই ছিল তার মূল লক্ষ্য।

অবশেষে শনিবার প্রথমবার জনসমক্ষে দেখা যায় তাকে। ছেলে মাতেও মেসিকে নিয়ে রোসারিওর স্থানীয় দুই দল লেওনেস দে রোসারিও ও সেন্ট্রাল কর্দোবার মধ্যকার ম্যাচ দেখতে মাঠে যান তিনি।

যে ক্লাবের ম্যাচ দেখতে গিয়েছিলেন, সেই লেওনেস দে রোসারিওর সঙ্গে মেসি পরিবারের রয়েছে বিশেষ সম্পর্ক। ২০১৫ সালে মেসি পরিবার ক্লাবটি প্রতিষ্ঠা করে। বর্তমানে দলটি আর্জেন্টিনার ফুটবল লিগের চতুর্থ স্তর প্রিমেরা সি-তে খেলছে। ক্লাবটির পরিচালনার দায়িত্বে রয়েছেন মেসির ভাই মাতিয়াস মেসি।

এদিকে বিশ্বকাপ শেষে ইন্টার মায়ামি ইতোমধ্যেই এমএলএসে আবার মাঠে নেমেছে। তবে ক্লাবটি মেসিকে দ্রুত ফিরিয়ে আনার কোনো তাড়া দিচ্ছে না। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হওয়ার জন্য যতটা সময় প্রয়োজন, ততটাই তাকে দেওয়া হবে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিশ্রাম শেষে খুব শিগগিরই ইন্টার মায়ামির জার্সিতে আবারও মাঠে ফিরবেন লিওনেল মেসি।