২৬ জুলাই ২০২৬, ১০:৪৮

গতবার নিষেধাজ্ঞা, এবার অব্যাহতি—মেসিকে ঘিরে বদলে গেল এমএলএসের নিয়ম

লিওনেল মেসি   © সংগৃহীত

ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসিকে গত বছর এমএলএস অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছিল। তবে এবার একই পরিস্থিতি হলেও শাস্তির মুখে পড়তে হচ্ছে না তাকে। কারণ, বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করতে এমএলএস নতুন নীতিমালা চালু করেছে। সেই নীতির আওতায় আগেই অনুমতি নিয়ে অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন মেসি। ফলে এবার কোনো নিষেধাজ্ঞা বা জরিমানা হচ্ছে না আর্জেন্টাইন অধিনায়কের।

একই কারণে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলও এবার এমএলএস অল-স্টার ম্যাচে খেলবেন না। বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এমএলএস অল-স্টার ও লিগা এমএক্স অল-স্টারদের মধ্যকার ম্যাচে এই দুই তারকাকে দেখা যাবে না।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলার পর বিশ্রামে রয়েছেন মেসি ও ডি পল। ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালে লিওনেল স্কালোনির দল স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়। বিশ্বকাপ শেষে তাদের শারীরিক পুনরুদ্ধারের বিষয়টি বিবেচনায় নিয়ে এমএলএস আনুষ্ঠানিকভাবে অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি দিয়েছে।

এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, ‘২০২৬ মৌসুম শুরুর আগে মেজর লিগ সকার এবং এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন একমত হয়েছে যে, বিশ্বকাপ থেকে ফিরে আসা প্রতিটি খেলোয়াড়ের বিশ্রাম, অনুশীলনে ফেরা এবং প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার সময়সূচি সংশ্লিষ্ট ক্লাব ও খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সেই চুক্তির আলোকে রদ্রিগো ডি পল এবং লিওনেল মেসিকে ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচে অংশগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এমএলএসের নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচের জন্য নির্বাচিত কোনো খেলোয়াড় লিগের পূর্বানুমতি ছাড়া ম্যাচে অংশ না নিলে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে খেলতে পারেন না।

এই নিয়মের কারণেই ২০২৫ সালে মেসি ও জর্দি আলবাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় ইন্টার মায়ামি অতিরিক্ত ম্যাচের চাপের কথা উল্লেখ করে দুই খেলোয়াড়কে অল-স্টার ম্যাচ থেকে সরিয়ে নিয়েছিল। কিন্তু লিগের আনুষ্ঠানিক অনুমতি না নেওয়ায় এমএলএস তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

সেই সময় এমএলএস কমিশনার ডন গারবার বলেছিলেন, মেসি লিগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হলেও দীর্ঘদিনের নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য।

তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি মাথায় রেখে এমএলএস ও খেলোয়াড়দের সংগঠন আগেই নতুন সমঝোতায় পৌঁছেছে। তাই মেসি ও ডি পলের অনুপস্থিতি অনুমোদিত হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা, জরিমানা বা অতিরিক্ত ম্যাচে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হবে না।

লিগ আরও জানিয়েছে, যদি তারা অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়াতেন, তাহলে আগের মতোই এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হতো। আবার আনুষ্ঠানিকভাবে চোট প্রমাণিত হলেও তারা শাস্তি এড়াতে পারতেন। তবে এবার কোনো ব্যতিক্রমের প্রয়োজন হয়নি, কারণ এমএলএস আগেই তাদের বিশ্রামের অনুমোদন দিয়েছে।

মেসি, রদ্রিগো ডি পল, হুগো কুইপার্স এবং এমবেকেজেলি এমবোকাজি অনুপস্থিত থাকায় এমএলএস চারজন নতুন ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করেছে।

নতুন চার খেলোয়াড় হলেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গিলের্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিনকারনাগেল।

এবারের সিদ্ধান্তের ফলে টানা তৃতীয়বারের মতো এমএলএস অল-স্টার দলে নির্বাচিত হলেও মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির।

২০২৪ সালে গোড়ালির চোটের কারণে তিনি অল-স্টার ম্যাচ খেলতে পারেননি। ২০২৫ সালে অনুমতি ছাড়া নাম প্রত্যাহার করায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। আর ২০২৬ সালে বিশ্বকাপ শেষে বিশ্রামের প্রয়োজন হওয়ায় এমএলএসের আনুষ্ঠানিক অনুমতি নিয়েই অল-স্টার ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন।

ফলে টানা তৃতীয়বার অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলেও এবার কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।