রিয়াল মাদ্রিদে অনিশ্চয়তা, ভিনিকে দলে পেতে মরিয়া ইংলিশ জায়ান্ট ক্লাব
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এই অনিশ্চয়তার সুযোগ নিতে প্রস্তুতি শুরু করেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড যদি রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন না করেন, তাহলে তাকে দলে ভেড়াতে সর্বশক্তি নিয়োগ করবে লন্ডনের ক্লাবটি।
ইংলিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ভিনিসিয়ুস জুনিয়রকে দীর্ঘদিন ধরেই নজরে রেখেছে আর্সেনাল। তবে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি তারা। কারণ, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির ভবিষ্যৎ পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছে ক্লাবটি।
প্রতিবেদন অনুযায়ী, রিয়ালের সঙ্গে নতুন চুক্তি নিয়ে কোনো সমঝোতা না হলে তবেই আনুষ্ঠানিকভাবে ভিনিসিয়ুসকে দলে নেওয়ার উদ্যোগ নেবে আর্সেনাল। এ জন্য ক্লাবটি ইতোমধ্যে অভ্যন্তরীণ প্রস্তুতিও শুরু করেছে। রিয়াল থেকে ইতিবাচক কোনো সংকেত পেলেই তারা দ্রুত আলোচনায় বসতে চায়।
বর্তমানে ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের মাঝামাঝি। অর্থাৎ, তার চুক্তির আর মাত্র এক বছর বাকি। এখনো নতুন চুক্তিতে সই না হওয়ায় ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব পরিস্থিতির দিকে নজর রাখছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল।
ভিনিসিয়ুস ২০২২ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমান চুক্তিতে সই করেন। যদিও ক্লাবটি আনুষ্ঠানিকভাবে সেই চুক্তির ঘোষণা দেয় ২০২৩ সালে। এই চুক্তি অনুযায়ী তিনি বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ ইউরো বেতন পান, যা কর পরিশোধের পরের অঙ্ক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১২ কোটি টাকা।
তার চুক্তিতে ১০০ কোটি ইউরোর (১ বিলিয়ন ইউরো) রিলিজ ক্লজও রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬ হাজার ২১০ কোটি টাকা। অর্থাৎ, এই বিশাল অঙ্ক পরিশোধ ছাড়া রিয়ালের সম্মতি ব্যতীত তাকে দলে নেওয়া সম্ভব নয়।
২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। শুরুতে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও পরে তিনি নিজেকে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন। গতি, ড্রিবলিং এবং গোল করার দক্ষতায় তিনি রিয়ালের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছেন।
সবশেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২২টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২০২৬ বিশ্বকাপেও তিনি ব্রাজিলের অন্যতম সেরা পারফরমার ছিলেন। টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলে চারটি গোল করে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এদিকে ভবিষ্যতের কথা ভেবে আরও এক তরুণ তারকাকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা আইভরি কোস্টের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ইয়ান দিয়োমান্দেকে দলে নিতে ইতোমধ্যে জার্মান ক্লাব আরবি লাইপজিগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে স্প্যানিশ জায়ান্টরা।
খবরে বলা হয়েছে, ইয়ান দিয়োমান্দেকে দলে নিতে সর্বোচ্চ ৯ কোটি ইউরো পর্যন্ত খরচ করতে রাজি রিয়াল মাদ্রিদ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫২২ কোটি টাকা। বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর ইউরোপের একাধিক বড় ক্লাবের আগ্রহের কেন্দ্রে রয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।